ভারত-সহ ১৪টি দেশের জন্য ভিসার নিয়ম পরিবর্তন করল সৌদি আরব
Saudi Arabia changes visa rules for 14 countries including India
Truth Of Bengal: ভিসা নিয়ম পরিবর্তন করল সৌদি আরব। এর প্রভাব পড়বে ভারত-সহ ১৪টি দেশে। পরিবর্তিত ভিসা নিয়ম ১ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে কার্যকর হয়েছে, যার অধীনে এই দেশগুলি থেকে আসা যাত্রীরা সৌদিতে প্রবেশের জন্য শুধুমাত্র ‘সিঙ্গল’ প্রবেশ ভিসা পাবেন। সৌদি আরব তার ভিসার নিয়ম পরিবর্তন করেছে, যাতে দীর্ঘমেয়াদী ভিসা নিয়ে দেশে আসা লোকেরা অননুমোদিতভাবে হজ করতে না পারে।
সৌদি আরবের মাল্টিপল এন্ট্রি ভিসাধারী ব্যক্তিরা হজের সময় হজের অনুমতি ছাড়াই অননুমোদিতভাবে হজ করেন, যার ফলে পবিত্র মক্কা নগরীতে ভিড় বৃদ্ধি পায়। এটি সৌদি কর্তৃপক্ষের মাথাব্যথা আরও বাড়িয়ে তোলে। একটি ‘সিঙ্গল’ প্রবেশ ভিসা একজন ব্যক্তিকে কেবল একবারই একটি দেশে প্রবেশ করতে দেয়, অন্যদিকে একাধিক প্রবেশ ভিসা হল একটি দীর্ঘমেয়াদী ভিসা যা ভিসাধারীকে সেই দেশে একাধিকবার ভ্রমণের অনুমতি দেয়।
সৌদি আরবের ভিসা নিয়ম পরিবর্তনের ফলে যে ১৪টি দেশ প্রভাবিত হবে সেগুলি হল আলজেরিয়া, বাংলাদেশ, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডন, মরক্কো, নাইজেরিয়া, পাকিস্তান, সুদান, তিউনিসিয়া এবং ইয়েমেন। সৌদি আরব তার ভিসা নিয়ম পরিবর্তনের অংশ হিসাবে পর্যটন, ব্যবসা এবং পরিবার পরিদর্শনের জন্য এই দেশগুলি থেকে আসা ব্যক্তিদের জন্য এক বছরের মাল্টিপল-এন্ট্রি ভিসা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। এই ১৪টি দেশই এমন দেশ, যেখান থেকে বেশিরভাগ মানুষ হজ বা ওমরাহ পালনের জন্য সৌদি আরবের পবিত্র শহর মক্কা এবং মদিনায় যান।
পরিবর্তিত নিয়ম অনুযায়ী, আক্রান্ত দেশগুলি থেকে আগত পর্যটকরা কেবল ‘সিঙ্গল’ প্রবেশ ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই ভিসার মেয়াদ ৩০ দিন হবে এবং পর্যটকরা সর্বোচ্চ ৩০ দিন সৌদিতে থাকতে পারবেন। তবে, হজ, ওমরাহ, কূটনৈতিক এবং আবাসিক ভিসা এই পরিবর্তনের দ্বারা প্রভাবিত হবে না।
সৌদির প্রশাসনিক কর্তারা বলছেন, একাধিক ভিসা এন্ট্রির অপব্যবহার করা হচ্ছে। কিছু ভ্রমণকারী দীর্ঘমেয়াদী ভিসায় দেশে আসছিলেন এবং পরে হজ পালন বা সৌদি আরবে কাজ করার জন্য অননুমোদিত সময়ের জন্য অবস্থান করছিলেন। হজের সময় অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে সৌদি আরব কঠোর ব্যবস্থা গ্রহণ করে। এর জন্য প্রতিটি দেশের জন্য হজ কোটা নির্ধারণ করা হয়েছে। এবার থেকে যে দেশ যত ভিসা পাবে, সেই দেশ থেকে তত সংখ্যক মুসলমান হজের জন্য মক্কায় যেতে পারেবন।
সাম্প্রতিক বছরগুলিতে, হজের সময় মক্কায় অতিরিক্ত ভিড় একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কারণ অনেক লোক হজের অনুমতি ছাড়াই হজে যান। গত বছর হজের সময় প্রচণ্ড রোদ ও তাপের কারণে ১,২০০ জনেরও বেশি হজযাত্রীর মৃত্যু হয়েছিল। মারা যাওয়া বেশিরভাগই ছিলেন অননুমোদিত হজযাত্রী, যাঁরা পারমিটের অভাবে সৌদি সরকারের হজ প্রস্তুতির সুবিধা নিতে পারেননি এবং গরমে মার গিয়েছেন। এত বিপুল সংখ্যক হজযাত্রীর মৃত্যুর কারণে সৌদি আরবের ব্যাপক সমালোচনা করা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে এই বছরের হজে এই জাতীয় দুর্ঘটনা রোধে প্রস্তুতি শুরু করেছে সৌদি। একই ধারাবাহিকতায়, হজের সময় অননুমোদিত হজযাত্রীদের প্রবেশ ঠেকাতে মাল্টিপল এন্ট্রি ভিসা স্থগিত করা হয়েছে।
সৌদি সরকার আশা করছে যে, ভিসা নিয়ম পরিবর্তনের ফলে শুধুমাত্র অনুমোদিত হজযাত্রীরাই হজ করতে পারবেন, যার ফলে শহরে ভিড় কমবে এবং সবাই গরম থেকে বাঁচতে যে ব্যবস্থা করা হয়েছে তার সুবিধা নিতে পারবেন। সৌদি কর্তৃপক্ষ মাল্টিপল-এন্ট্রি ভিসা স্থগিতকরণকে অস্থায়ী বলে বর্ণনা করেছে। এই স্থগিতাদেশ কতদিন চলবে তা এখনও স্পষ্ট নয়।






