বিক্ষোভের জেরে জ্বলছে আগুন! ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত মার্কিন প্রশাসনের
Protests are burning! US administration decides to deploy 2,000 National Guard
Truth of Bengal: আমেরিকায় অভিবাসন নীতি ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। লস অ্যাঞ্জেলেসে টানা কয়েক দিন ধরে চলা বিক্ষোভে উত্তেজনা চরমে পৌঁছেছে। পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারীদের দমন করতে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছে মার্কিন প্রশাসন। তবে তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি, বরং আরও ঘোলা হয়েছে জল। বিক্ষোভকারীদের সঙ্গে ট্রাম্পের নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ চরমে পৌঁছেছে। কাঁদানে গ্যাস, মরিচ গুঁড়োর বল ও রবার বুলেট ছুড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে।
এই পরিস্থিতিতেই রবিবার নিউ জার্সিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের উদ্দেশে কড়া বার্তা দেন। তাঁর স্পষ্ট মন্তব্য, ‘ ওরা থুতু ছিটিয়েছে, আমরা মেরেছি।‘ তিনি অভিযোগ করেন, বিক্ষোভকারীরা নিরাপত্তা কর্মীদের উদ্দেশে থুতু ছুঁড়ছে, যা মোটেই বরদাস্ত করা হবে না। প্রেসিডেন্টের হুঁশিয়ারি, ‘ কেউ যদি আমাদের সেনা বা পুলিশ অফিসারের দিকে থুতু ছোড়ে, তা হলে তার জবাব কঠোর ভাবেই দেওয়া হবে।’ লস অ্যাঞ্জেলেস পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিক্ষোভে অংশ নেওয়া সত্ত্বেও পুলিশের নির্দেশ না মানায় ইতিমধ্যে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। শহরের পরিস্থিতি যাতে আরও না উত্তপ্ত হয়, সেই উদ্দেশ্যে হোয়াইট হাউস ২০০০ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সেনা নামানোরও ইঙ্গিত দিয়েছেন, যদিও প্রশাসনের তরফে এখনও এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
প্রসঙ্গত, আমেরিকায় অনুপ্রবেশ রুখতে মরিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে কড়া আইন এনেছেন তিনি। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিতেই ট্রাম্প অবৈধ অভিবাসন বিরোধী কড়া অবস্থানে রয়েছে। গত কয়েক দিনে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন প্রান্তে ট্রাম্প সরকারের অভিবাসন দফতর একাধিক অভিযান চালায়। শুধুমাত্র শুক্রবার থেকে রবিবার সকাল পর্যন্ত ১১৮ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। এই ধরপাকড়ের বিরুদ্ধেই পথে নেমেছে সাধারণ মানুষ। বিক্ষোভ যত এগোচ্ছে, পরিস্থিতিও ততটাই জটিল হয়ে উঠছে। বর্তমানে গোটা পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। তবে আন্দোলনকারীদের দমন করতে আরও কড়া পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউস, এমন ইঙ্গিত স্পষ্ট।






