
The Truth of Bengal: আত্মঘাতী হামলায় পাকিস্তানে নিহত ২৩। থানায় ঢুকে আত্মঘাতী হামলা চালাল আততায়ীরা। এই হামলায় প্রথমে ৩ পুলিশকর্মীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। পরে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৩। এই হামলায় গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে। এই ঘটনার পর গোটা এলাকায় নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। এলাকার সমস্ত স্কুল-কলেজে ছুটি দেওয়া হয়েছে। ঘটনার দায় স্বীকার করেছে পাক জঙ্গি সংগঠন তেহরিক-ই-জিহাদ পাকিস্তান।
জানা গিয়েছে, মঙ্গলবার খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান শহরের একটি থানা ও সেনাঘাঁটিতে হামলা চালায় আত্মঘাতী বাহিনী। পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। পাল্টা জবাব দিতে শুরু করেন পাক নিরাপত্তাকর্মীরা। দীর্ঘ সময় ধরে উভয় পক্ষের গুলির লড়াই চলে। ঘটনাটি যেখানে ঘটেছে সেই জায়গাটি মূলত আফগানিস্তান সীমান্তবর্তী উপজাতি এলাকা। সেখানে দেশের আইনকানুন তেমন বলবৎ নেই। সাধারণ মানুষের ওপর সরকারি কোনও নিয়ন্ত্রণ নেই। সেখানে সন্ত্রাসীদের আখড়া গড়ে উঠেছে।
জঙ্গি সংগঠন তেহরিক-ই-জিহাদ পাকিস্তানের এই হামলা প্রথম নয়। গত নভেম্বর মাসে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের একটি বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় তেহরিক-ই-জিহাদ পাকিস্তানের একটি দল। সেনার সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছিল ৯ জঙ্গির। সেই হামলার দায় স্বীকার করে তেহরিক-ই-জিহাদ পাকিস্তান।
Free Access






