Bangladesh: ফের চালু হল ঢাকা-করাচি সরাসরি বিমান পরিষেবা
ঢাকা থেকে পাকিস্তানের করাচি পর্যন্ত সপ্তাহে তিনটি ফ্লাইট চালানোর পরিকল্পনা করেছে।
Truth of Bengal: দীর্ঘ বিরতির পর এবার পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালু হতে চলেছে। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’ ঢাকা থেকে পাকিস্তানের করাচি পর্যন্ত সপ্তাহে তিনটি ফ্লাইট চালানোর পরিকল্পনা করেছে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান এই গুরুত্বপূর্ণ তথ্যটি নিশ্চিত করেছেন।
হাইকমিশনার ইকবাল হুসেইন খান জানিয়েছেন, “পাকিস্তানের সঙ্গে ফের সরাসরি বিমান পরিষেবা চালু করতে চলেছে ঢাকা।” বাংলাদেশের জাতীয় এয়ারলাইন্সের পক্ষ থেকে করাচিতে সপ্তাহে তিনটি বিমান চলাচল করবে বলে তিনি উল্লেখ করেছেন। গত বছর বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পাকিস্তানের সঙ্গে ঢাকার সম্পর্কের উন্নতি হয়েছে। এই পরিস্থিতিতে করাচি পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পরিষেবা চালু করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ২০১৫ সাল থেকে রাষ্ট্রায়ত্ত সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এই রুটে সরাসরি বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছিল।
তবে এই বিমান পরিষেবা চালু হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে ভারতের আকাশসীমা ব্যবহার নিয়ে। বাংলাদেশ-পাকিস্তান রুটে ফ্লাইট পরিচালনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কি তবে ভারতের আকাশসীমা ব্যবহার করবে? এই প্রশ্নের জবাবে হাইকমিশনার ইকবাল হুসেইন খান দাবি করেছেন, “যেভাবে ভারতীয় বিমান বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে পারে, তেমনই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটও ভারতের ওপর দিয়ে উড়বে।” তবে ওয়াকিবহাল মহলের দাবি, এই ক্ষেত্রে দিল্লির অনুমতি পাওয়া বেশ কঠিন হতে পারে। কারণ, চলতি বছরে পহেলগামে জঙ্গি হামলার পরে ভারত একটি নির্দেশিকা জারি করে পাকিস্তানি বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ওই নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছিল যে পাকিস্তানে নথিভুক্ত বিমান বা পাকিস্তান দ্বারা পরিচালিত কোনো বিমান ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। যদিও ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’ একটি বাংলাদেশি সংস্থা, তবুও এই রুটে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে দিল্লির অনুমতি পাওয়া সহজ নাও হতে পারে।






