Vande Mataram: ‘বন্দে মাতরম’ গান বাধ্যতামূলক করার আর্জি সুধা মূর্তির, জানালেন একতার বার্তা
মঙ্গলবার রাজ্যসভায় 'বন্দে মাতরম' সঙ্গীতের ১৫০তম বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি তোলেন।
Truth of Bengal: রাজ্যসভার মনোনীত সাংসদ এবং লেখিকা সুধা মূর্তি কেন্দ্র সরকারের কাছে জাতীয় গান ‘বন্দে মাতরম’-কে দেশের প্রতিটি প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ে বাধ্যতামূলক করার জন্য আর্জি জানিয়েছেন। মঙ্গলবার রাজ্যসভায় ‘বন্দে মাতরম’ সঙ্গীতের ১৫০তম বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি তোলেন।
আলোচনা সভায় সুধা মূর্তি নিজের পরিচিতি ছাপিয়ে দেশাত্মবোধের উপর জোর দেন। তিনি বলেন, “আমি এখানে কোনো সাংসদ, সমাজসেবী বা লেখিকা হিসাবে নয়, বরং একজন ভারত মায়ের মেয়ে হিসাবে এই কথা বলছি।”
তিনি তাঁর বক্তব্যে দেশ ও জাতীয় গানের গুরুত্ব তুলে ধরেন। তাঁর কথায়, ভারতের প্রতিটি রাজ্যই যেন এক এক রঙের কাপড়ের মতো। আর এই সমস্ত কাপড় যখন একটি সুতোয় গেঁথে এক করা হয়, তখন সেই ঐক্যের মন্ত্রই হলো ‘বন্দে মাতরম’। তিনি আশা প্রকাশ করেন, এই গান বিদ্যালয়গুলিতে বাধ্যতামূলক হলে জাতীয় সংহতি ও একতার ভাবনা আরও মজবুত হবে।






