দেশ

ভারত-পাক যুদ্ধে ইসলামবাদের জয়গান মার্কিন রিপোর্টে, মোদি সরকারকে কটাক্ষ কংগ্রেসের

রিপোর্টটি সামনে আসতেই কেন্দ্রের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগ তুলে কটাক্ষ শুরু করেছে কংগ্রেস।

Truth Of Bengal: ভারত-পাক সংঘর্ষ নিয়ে মোদি সরকারের ‘অপারেশন সিঁদুরে’  সাফল্যের বয়ানকে প্রশ্নের মুখে ফেলল মার্কিন কংগ্রেসের একটি কমিটির রিপোর্ট। মার্কিন-চিন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনের সদ্য প্রকাশিত প্রতিবেদন জানাচ্ছে, ভারতীয় সেনার বিরুদ্ধে পাক সেনার সাফল্যের মূল কারণ ছিল অত্যাধুনিক চিনা অস্ত্রের ব্যবহার। রিপোর্টটি সামনে আসতেই কেন্দ্রের কূটনৈতিক ব্যর্থতার অভিযোগ তুলে কটাক্ষ শুরু করেছে কংগ্রেস।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতীয় সেনা পাকিস্তানের বিভিন্ন জঙ্গি ঘাঁটিতে ‘অপারেশন সিঁদুর’ চালায়। ধ্বংস করা হয় নয়টি ঘাঁটি। এরপরই দুই দেশের মধ্যে সংঘর্ষ চূড়ান্ত রূপ নেয়। মার্কিন কমিশনের রিপোর্টে দাবি, চার দিনের এই সংঘর্ষে পাকিস্তান যে সামরিক সুবিধা পেয়েছিল, তাতে স্পষ্টভাবে দেখা গিয়েছে চিনা প্রযুক্তি ও আধুনিক অস্ত্রের প্রয়োগ। এমনকি ভারতের রাফালে যুদ্ধবিমান ধ্বংসেও ব্যবহার করা হয়েছিল চিনা অস্ত্র— এমন অভিযোগও রয়েছে সেই প্রতিবেদনে। ফলে আন্তর্জাতিক বাজারে চিনা অস্ত্রের গুরুত্ব ও বাণিজ্যিক মূল্য আরও বেড়েছে।

৮০০ পাতার ওই রিপোর্টের ১০৮ ও ১০৯ নম্বর পৃষ্ঠায় সংঘর্ষে পাকিস্তানের ‘সাফল্যের কারণ’ হিসেবে চিনা অস্ত্রের উল্লেখ দেখে বিস্ময় প্রকাশ করেছে কংগ্রেস। দলের নেতা জয়রাম রমেশ বলেন, রিপোর্টে যা লেখা আছে তা বোধগম্যতার বাইরে। তাঁর অভিযোগ, সরকার যে সাফল্যের প্রচার করে এসেছে, তা আন্তর্জাতিক রিপোর্টে খণ্ডিত হয়েছে।এই ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার দাবিও তুলে এনে মোদি সরকারকে কটাক্ষ করেন রমেশ। এক্স-এ তিনি লেখেন, প্রেসিডেন্ট ট্রাম্প ৬০ বার মধ্যস্থতার দাবি করেছেন, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কোনও মন্তব্য করেননি। এখন আবার মার্কিন-চিন কমিশনের রিপোর্ট— যা ভারতের পক্ষে অগ্রহণযোগ্য— এই বিষয়ে সরকার বা বিদেশমন্ত্রক কিছু বলছে না। স্পষ্টতই এটি কূটনৈতিক ব্যর্থতা। রিপোর্টে কেন্দ্রীয় সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস নেতৃত্ব।

Related Articles