
Truth Of Bengal : পার্লারে মালিশের আরাম খেতে যান? সাবধান! ঘটতে পারে বিরাট বিপদ। সম্প্রতি পার্লারে মালিশের আরাম খেতে গিয়ে বিপদের সম্মুখীন হয়েছেন এক যুবক। চুল কাটানোর পরে সালোনের কর্মী মাথায়, কাঁধে বেশ ভাল করেই মালিশ করে দিচ্ছিলেন। তাতেই ঘটল ভয়ানক বিপত্তি। মালিশ করার সময়েই ঝুঁকে গেল ঘাড়। মাথা এক দিকে এলিয়ে পড়ল। অচৈতন্য যুবককে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানান, ওই যুবক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। কিন্তু একি সম্ভব? উত্তরে চিকিৎসকেরা জানান, তা অস্বাভাবিক নয়। এরই নাম ‘সালোঁ স্ট্রোক’ বা ‘বিউটি পার্লার স্ট্রোক’।
ঘটনাটি ঘটেছে কর্নাটকে। সঠিক সময়ে যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ায় চিকিৎসার পরে যুবক এখন কিছুটা সুস্থ। তবে শরীরের বাঁ দিকের অংশ অনেকটাই দুর্বল। কথা বলতেও ভীষণ কষ্ট হয় তার। চিকিৎক সূত্রে খবর, ঘাড় হেলিয়ে চাপ দিয়ে মালিশ করার সময়ে ক্যারোটিড ধমনী ছিঁড়ে যাওয়ার ফলে রক্তবাহিকাগুলিতে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায়। আচমকাই মস্তিষ্কে রক্ত ও অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায়, স্ট্রোকে আক্রান্ত হন যুবক।






