দেশ

দেশপ্রেমের নাটক, সোনমের গ্রেফতারি প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ উদ্ধবের

শনিবার মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে এই ব্যাপারে নিজের অবস্থান জানান উদ্ধব ঠাকরে।

Truth Of Bengal: বর্তমানে লাদাখ রাজনীতি উত্তপ্ত সেখানকার বাসিন্দাদের রাজ্যের স্বীকৃতি নিয়ে বিক্ষোভ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের গ্রেফতারিতে। এই পরিস্থিতিতে একাধিক বিরোধী নেতা একহাত নিয়েছেন কেন্দ্রকে। এবার বিজেপিকে এই ব্যাপারে আক্রমণ করলেন শিবসেনা (ইউবিটি) প্রেসিডেন্ট উদ্ধব ঠাকরে। তাঁর বক্তব্য, দেশপ্রেমের নাটক করছে গেরুয়া শিবির। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি ভারত-পাক ম্যাচের প্রসঙ্গও টেনে আনেন।(Sonam Wangchuk)

শনিবার মুম্বইয়ে এক সাংবাদিক সম্মেলনে এই ব্যাপারে নিজের অবস্থান জানান উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, “আরো একটি ভারত-পাক ম্যাচ হতে চলেছে। চরম সীমা অতিক্রম করে গিয়েছে নির্লজ্জতার এর দ্বারা। একদিকে যিনি সৌর তাঁবু তৈরির প্রযুক্তি আবিষ্কার করেছেন সেনার জন্য, তাঁকে গ্রেফতার করা হচ্ছে জাতীয় সুরক্ষা আইনে বিশ্বাসঘাতক ঘোষণা করে। আবার অন্যদিকে, যেই দেশ জঙ্গি হামলা করেছিল ভারতে, তাদের সঙ্গে আমরা ক্রিকেট ম্যাচ খেলছি। পুরো ব্যাপারটাই আসলে দেশপ্রেমের নাটক বিজেপির।”(Sonam Wangchuk)

প্রসঙ্গত, রাজ্যের স্বীকৃতির দাবি তুলে লাদাখবাসীরা সম্প্রতি বিক্ষোভ দেখিয়েছিলেন লেহতে অবস্থিত বিজেপির কার্যালয়ে। এরপরই উত্তপ্ত হতে থাকে সেখানকার পরিস্থিতি। কেন্দ্রের তরফ থেকে দায়ী করা হয় সোনম ওয়াংচুককে এর জন্য। যদিও সোনমও প্রশাসনকে এর জন্য দায়ী করেছিলেন। এখানেই শেষ নয়, বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে সোনমের সংস্থা ‘স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ’এর এফসিআরএ লাইসেন্সও বাতিল করা হয়। অবশেষে জাতীয় নিরাপত্তা আইনের অধীনে গত শুক্রবার গ্রেফতার করা হয় সোনমকে। এই গ্রেফতারির পর কেন্দ্রের তীব্র সমালোচনা করেছেন অনেকে।(Sonam Wangchuk)