
Truth Of Bengal: ট্রেনে যাত্রা করছেন এদিকে মোবাইলের চার্জ গেছে ফুরিয়ে। সঙ্গে নেই চার্জার বা পাওয়ার ব্যাঙ্ক। এরকম পরিস্থিতিতে আতান্তরে পড়া ছাড়া গতি নেই। কিন্তু মেট্রোর যাত্রীদের কথা ভেবে নমো মেট্রোরেলে এবার পাওয়ার ব্যাঙ্ক ভাড়া দেওয়া হবে। ন্যাশনাল ক্যাপিটল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশন (এনসিআরটিসি) একথা ঘোষণা করেছে।
নমো ভারত মেট্রোরেলের যাত্রীদের সুবিধা দিতে এরমধ্যেই শাহিবাবাদ আরআরটিএস স্টেশনে এই পাওয়ার ব্যাঙ্ক ভাড়া দেওয়ার পরিষেবা চালু হয়েছে। এরপর বাকি স্টেশনেও এই পরিষেবা চালু করার পরিকল্পনা করেছে মেট্রোরেল কর্পোরেশন। পাওয়ার ব্যাঙ্কে ৩টি চার্জার কানেক্টর আছে। একটা আইফোন, একটা মাইক্রো ইউএসবি আর একটা ইউএসবি-সির জন্য। একবার ভাড়া নিলে খরচ পড়বে ৫০ টাকা। বছরে খরচ পড়বে ১১৯৯ টাকা।
এই চার্জ মোবাইল অ্যাপ ডাউনলোড করে মোবাইল নম্বর দিয়ে সাইন আপ করলেই কিউআর কোড স্ক্যান করলেই নিকটবর্তী পাওয়ার ব্যাঙ্ক মেশিন জানা যাবে। মোবাইল অ্যাপে পাওয়ার ব্যাঙ্ক নিয়ে রিয়েল টাইম আপডেট মিলবে। মেশিন স্লট জানা যাবে।


