যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে নড়েচড়ে বসেছে কেন্দ্র,প্রাপ্ত বয়স্কদেরকেও নিতে হবে বিসিজি টিকা
The center is struggling to control tuberculosis

The Truth of Bengal: দিন দিন টিবি রোগের সংখ্যা বেড়েই চলেছে দেশে। সেই সংখ্যা কমাতে হিমশিম খাচ্ছে কেন্দ্র। তার উপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাপ তো রয়েইছে। এই ক্ষেত্রে কেন্দ্রের সিদ্ধান্ত আগামী বছরের মধ্যে দেশ থেকে নির্মূল করতে হবে টিবি রোগীদের সংখ্যা। সদ্যোজাতদের পাশাপাশি বিসিজি টিকা নিতে হবে প্রাপ্ত বয়স্কদের। চলতি বছরের মধ্যেই ১৮ বছর থেকে ৬০ বছরের মধ্যে থাকা প্রাপ্তবয়স্কদের দেওয়া হবে টিকা। প্রথমে বিনা মুল্যে এই টিকা দেওয়া হবে। তারপর পাইলট প্রজেক্টের আওতায় এই টিকা দেওয়ার কর্মসূচির ফলাফল যদি সুফল পায় তাহলে এই কর্মসূচি চলতি বছরের জাতীয় টিকাকরণের কর্মসূচিতে যুক্ত করা হবে।
এই কথা দিল্লির এমসে চলা এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব টিবি অ্যান্ড রেসপিরেটরি ডিজিজের’ এর যক্ষ্মা ও ফুসফুস সংক্রান্ত রোগের বিভাগীয় প্রধান চিকিৎসক রূপক সিংলা। যক্ষ্মা বিষয়ক আলোচনায় অংশ নিয়েছিলেন স্বাস্থ্য দফতরের সেন্ট্রাল টিবি ডিভিশনের অতিরিক্ত ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জয় কে মাট্টু, এমসের পালমোনারি ও ক্রিটিক্যাল কেয়ারের চিকিৎসক বিজয় হাড্ডা। কয়েক মাসের মধ্যে চালু করা হবে এই টিকা দেওয়ার কর্মসূচি। ২০২৫ সালের মধ্যে দেশ থেকে নির্মূল করা হবে টিবি রোগ।
এমনই দাবি কেন্দ্রের। যদিও প্রাপ্ত বয়স্কদের টিকা দেওয়ার বিষয়ে বিভিন্ন মহলে শুরু হয়েছে নানা জল্পনা। তবে এই ক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে শিশু দের জন্ম নেওয়ার প্রথম ১৫ দিনের মাথায় দেওয়া হয় বিসিজি টিকা। এই টিকার প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করে ৭ থেকে ১০ বছর হওয়ার পর থেকে। প্রতিবছর প্রায় ২৮ লক্ষ মানুষ টিবি রোগে আক্রান্ত হচ্ছে, সেই সংখ্যা কমাতেই ১৮ বছরের উর্ধেও টিকা দেওয়ার কথা জানিয়েছেন চিকিৎসকেরা। এর পাশাপাশি যক্ষ্মা রোগ প্রতিরোধে একটি নতুন অ্যাপের ব্যবহার করা হবে। এই অ্যাপের মাধ্যমে জানা যাবে যক্ষ্মা রুগীদের কী কী করা প্রয়োজন, কী কী ওষুধ খাওয়া প্রয়োজন এই সংক্রান্ত নানা তথ্য।






