
The Truth of Bengal: প্রয়াত হলেন মোদির নিরাপত্তা কনভয় SPG-এর প্রধান অরুণ কুমার সিনহা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬১ বছর। পরিবারসূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। বুধবার গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
২০১৬ সাল থেকে এসপিজি প্রধান হিসেবে কাজ শুরু করেন অরুণ কুমার সিনহা। নরেন্দ্র মোদি ছাড়াও পূর্ববর্তী প্রধানমন্ত্রীদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি। ৩০ মে কার্যকালের মেয়াদ ফুরোলেও সম্প্রতি তা বাড়ানো হয়েছিল। জানা গিয়েছে, গত কয়েক মাস ধরেই যকৃতের জটিল অসুখে ভুগছিলেন অরুণ। সেইজন্যই হরিয়ানার গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছিল। সেখানেই বুধবার সকালে মৃত্যু হয় তাঁর।
১৯৮৭-র ব্যাচে কেরল ক্যাডারের আইপিএস অফিসার ছিলেন অরুণ কুমার সিনহা। এর ঠিক ২ বছর আগে, অর্থাৎ ১৯৮৫ সালে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে গঠিত হয়েছিল এসপিজি। মূলত, এঁদের দায়িত্বে থাকে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা। মূলত, প্রধানমন্ত্রীর বাসভবন, সচিবালয়, প্রধানমন্ত্রীর নিকটাত্মীয়দের নিরাপত্তা, দেশের অভ্যন্তরে যে কোনও অনুষ্ঠানে, প্রধানমন্ত্রী বিদেশ সফরের নিরাপত্তা দায়িত্বে থাকেন এসপিজি আধিকারিকরা।






