দেশ

Simone Tata: প্রয়াত ‘কসমেটিক্স সম্রাজ্ঞী’ ল্যাকমির প্রতিষ্ঠাতা সিমোনে টাটা

টাটা গ্রুপের পক্ষ থেকে একটি বিবৃতিতে সিমোনে টাটার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

Truth of Bengal: টাটা ট্রাস্টের বর্তমান চেয়ারম্যান নোয়েল টাটার মা এবং টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটার সৎমা, সিমোনে টাটা প্রয়াত হলেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার সকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। টাটা গ্রুপের পক্ষ থেকে একটি বিবৃতিতে সিমোনে টাটার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জানানো হয়েছে যে, আগামী শনিবার কোলাবার ক্যাথিড্রাল অফ দ্য হোলি নেম চার্চে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

সিমোনে টাটা কেবল টাটা শিল্পপতি পরিবারের সদস্য হিসেবেই পরিচিত ছিলেন না, তিনি ভারতীয় প্রসাধন শিল্পের অন্যতম প্রধান ব্র্যান্ড ল্যাকমে (Lakmé)-এর প্রতিষ্ঠাতা হিসাবেও সমধিক পরিচিত। সুইজারল্যান্ডের রাজধানী জেনিভাতে তাঁর জন্ম হয়েছিল। ১৯৫১ সালে পর্যটক হিসেবে তিনি প্রথম ভারতে আসেন এবং তার দু’বছর পর, ১৯৫৩ সালে শিল্পপতি নাভাল টাটার সঙ্গে তাঁর বিবাহ হয়।

সিমোনে টাটা ১৯৬০ সালে টাটা গ্রুপের ব্যবসায় যোগ দেন। ১৯৬১ সালে তিনি ল্যাকমে-তে কাজ শুরু করেন, যা সেই সময়ে টাটা অয়েল মিলস কোম্পানির অধীনে একটি ছোট ব্র্যান্ড ছিল। নিজের অসাধারণ ব্যবসায়িক বুদ্ধি এবং দূরদর্শিতা কাজে লাগিয়ে তিনি ধীরে ধীরে ল্যাকমে-কে সাফল্যের শিখরে নিয়ে যান। ১৯৮২ সালে তিনি ল্যাকমে-র চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হন। ভারতীয় প্রসাধন শিল্পে তাঁর এই বিশাল অবদানের জন্য তাঁকে ‘Cosmetics Czarina of India’ বা ভারতের কস্মেটিক্স জগতের সম্রাজ্ঞী বলা হতো।