দেশ

৩০ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা! ওড়িশায় ঘুষ কাণ্ডে গ্রেফতার খনি কর্তা

এক লাইসেন্সপ্রাপ্ত কয়লা ব্যবসায়ীর কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় তাঁকে হাতেনাতে ধরে ওড়িশা ভিজিল্যান্স বিভাগ

Truth of Bengal: ওড়িশায় দুর্নীতির মামলায় গ্রেফতার খনি দফতরের এক শীর্ষ আধিকারিকের ফ্ল্যাট থেকে উদ্ধার হল রেকর্ড ৪ কোটি টাকা নগদ। রাজ্যের দুর্নীতিদমন শাখার ইতিহাসে এটিই সর্বোচ্চ নগদ বাজেয়াপ্তের ঘটনা বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। গ্রেফতার হওয়া আধিকারিক দেবব্রত মোহান্তি, যিনি ওড়িশা খনি দফতরের ডেপুটি ডিরেক্টর পদে কর্মরত ছিলেন। অভিযোগ, এক লাইসেন্সপ্রাপ্ত কয়লা ব্যবসায়ীর কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় তাঁকে হাতেনাতে ধরে ওড়িশা ভিজিল্যান্স বিভাগ।

ব্যবসায়ীর কাজ নির্বিঘ্নে চালানোর আশ্বাসের বিনিময়েই এই ঘুষ লেনদেন হচ্ছিল বলে দাবি তদন্তকারীদের। গ্রেফতারের পর ভুবনেশ্বরে তাঁর ফ্ল্যাট, ভদ্রক জেলায় পৈতৃক বাড়ি এবং কটকে তাঁর দফতরে একযোগে তল্লাশি চালানো হয়। ভুবনেশ্বরের ফ্ল্যাট থেকে ট্রলি ব্যাগভর্তি ৪ কোটি টাকা উদ্ধার হয়। পাশাপাশি তাঁর অফিসের ড্রয়ার থেকে ১ লক্ষ ২০ হাজার টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তে আরও উঠে এসেছে, ভুবনেশ্বরে তাঁর একটি বিলাসবহুল দোতলা বাড়ি রয়েছে এবং প্রায় ১৩০ গ্রাম সোনার গয়নাও মিলেছে।

তাঁর বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা রুজু হয়েছে এবং সম্পত্তির উৎস খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ৭ এপ্রিল গঞ্জাম জেলার এক সহকারী ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে ৩.৪ কোটি টাকা উদ্ধার হয়েছিল। এবার ৪ কোটি টাকা বাজেয়াপ্তের ঘটনায় সেই রেকর্ড ভেঙে নতুন নজির গড়ল ভিজিল্যান্স বিভাগ

Related Articles