দেশ

শক্তিশালী অর্থনীতির সঙ্গে জিএসটির বোঝাও কমিয়ে আনা হবে: প্রধানমন্ত্রী

তাঁর দাবি, এ পদক্ষেপ ভারতকে আরও উন্নত করে তুলবে।

Truth Of Bengal: জিএসটি ও আয়কর সংস্কারের পর আরও কর সংস্কারের প্রতিশ্রুতি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর ২০২৫ গ্রেটার নয়ডায় উত্তর প্রদেশ আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনে তিনি বলেন, অর্থনীতি শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে করের বোঝাও ধীরে ধীরে কমানো হবে।

প্রধানমন্ত্রী জানান, জিএসটি সংস্কার অব্যাহত থাকবে। এবং এর ফলে মানুষের হাতে বাড়তি সঞ্চয় তৈরি হবে। তাঁর দাবি, এ পদক্ষেপ ভারতকে আরও উন্নত করে তুলবে।

এর আগে ৪ সেপ্টেম্বর অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে জিএসটি কাউন্সিল শতাধিক পণ্যে করহার হ্রাস করে। সাবান থেকে ছোট গাড়ি পর্যন্ত নানা পণ্যে জিএসটি হার কমানো হয়েছে। চার ধাপের (৫%, ১২%, ১৮% ও ২৫%) করহার কাঠামো সরলীকৃত হয়ে দুই ধাপে (৫% ও ১৮%) নামানো হয়েছে। এ ছাড়া বাজেট ২০২৫-এ বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে আয়কর মওকুফ ঘোষণা করা হয়।

মোদির বক্তব্যে আত্মনির্ভরতার ওপর জোর দেওয়া হয়। তিনি বলেন, যে কোনও পণ্য যা ভারতে তৈরি করা সম্ভব, তা দেশেই উৎপাদন করা উচিত। গবেষণা ও উন্নয়ন (R&D) খাতে বিনিয়োগ এবং উদ্ভাবন বৃদ্ধির আহ্বানও জানান তিনি। পাশাপাশি, বৈশ্বিক বিনিয়োগকারীদের ভারতকে গন্তব্য হিসেবে বেছে নেওয়ার আহ্বান জানান।

তবে এই সময়ে ভারতের রফতানিকে প্রভাবিত করতে পারে মার্কিন পদক্ষেপ। যুক্তরাষ্ট্র ভারতের রপ্তানির ওপর ৫০% শুল্ক আরোপ করেছে। এর প্রভাব পড়তে পারে গাড়ি, রত্ন–গয়না, বস্ত্র ও তৈরি পোশাক শিল্পে। পাশাপাশি নতুন এইচ-১বি ভিসার জন্য ১ লক্ষ ডলার ফি ধার্য করা হয়েছে, যা ভারতীয় আইটি সংস্থাগুলির ব্যবসায়িক মডেলের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।

Related Articles