রাজ্যের খবর

ভোটের পর থেকেই নিখোঁজ! অবশেষে পুলিশের জালে পাণ্ডবেশ্বরের প্রভাবশালী তৃণমূল নেতা নরোত্তম

পাণ্ডবেশ্বরের সোনপুরের বাসিন্দা নরোত্তম একসময় এলাকার তৃণমূল রাজনীতিতে পরিচিত মুখ ছিলেন

Truth of Bengal: দীর্ঘদিন ধরে এলাকা ছাড়া থাকার পর অবশেষে পুলিশের জালে পাণ্ডবেশ্বর ব্লকের প্রাক্তন যুব তৃণমূল সভাপতি নরোত্তম মণ্ডল ওরফে নিতাই। ভোট-পরবর্তী হিংসা, মারধর এবং হুমকির অভিযোগে বুধবার তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তাঁর খোঁজ চলছিল বলে পুলিশ সূত্রে খবর। পাণ্ডবেশ্বরের সোনপুরের বাসিন্দা নরোত্তম একসময় এলাকার তৃণমূল রাজনীতিতে পরিচিত মুখ ছিলেন। রাজনৈতিক মহল সূত্রে জানা গিয়েছে, পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন তিনি। ২০১১ সালে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর এলাকায় তাঁর প্রভাব বাড়তে শুরু করে। পরে দলের যুব সংগঠনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পান।

তবে রাজনৈতিক উত্থানের পাশাপাশি নরোত্তমের বিরুদ্ধে সময়ের সঙ্গে একাধিক অভিযোগও সামনে আসে। স্থানীয়দের একাংশের অভিযোগ, ইসিএলের ঠিকাদার ও ঠিকা শ্রমিকদের ঘিরে সিন্ডিকেট পরিচালনা থেকে শুরু করে কয়লার ডিও সংক্রান্ত কারবারেও তাঁর প্রভাব ছিল। যদিও এই সমস্ত অভিযোগের সত্যতা আলাদাভাবে যাচাই করা হয়নি। এলাকায় তাঁর সম্পত্তি বৃদ্ধি নিয়েও দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন উঠেছে। একাধিক গাড়ি ও ফ্ল্যাট-সহ বিভিন্ন সম্পত্তির মালিকানা নিয়ে রাজনৈতিক মহলে তাঁকে ঘিরে চর্চা চলত। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তাঁর বিরুদ্ধে আরও সরব হন এলাকার একাংশের বাসিন্দা।

এর মধ্যেই নির্বাচনের ফল প্রকাশের পর ভোট-পরবর্তী হিংসা, মারধর ও হুমকির অভিযোগে তাঁর নাম জড়ায়। তারপর থেকেই নরোত্তম এলাকা ছেড়ে আত্মগোপন করেন বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে তাঁর সন্ধান চালিয়েও পুলিশ নাগাল পাচ্ছিল না।