মহাকাশে ভারতের ‘গুপ্তচর’! শত্রুদেশের স্যাটেলাইটে নজর রাখতে নয়া অস্ত্র আহমেদাবাদের সংস্থার
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই কৌশল ভারতের প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
Truth of Bengal: ভারতীয় মহাকাশ গবেষণায় নতুন পালক যুক্ত করল আহমেদাবাদের এক বেসরকারি সংস্থা। ‘আজিস্তা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড’ দাবি করেছে, তারা মহাকাশে ‘ইন-অরবিট স্নুপিং’ বা কক্ষপথে থেকে অন্য স্যাটেলাইটের ওপর নজরদারির কৌশল সফলভাবে আয়ত্ত করেছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই কৌশল ভারতের প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণার ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, তাদের ৮০ কিলোগ্রাম ওজনের ‘এএফআর’ স্যাটেলাইটটি সম্প্রতি মহাকাশে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) অত্যন্ত স্পষ্ট ছবি তুলতে সক্ষম হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি মাত্র এক সেকেন্ডের ব্যবধানে দু’বার এই ছবিগুলো তোলা হয়। প্রথমবার ৩০০ কিলোমিটার এবং দ্বিতীয়বার ২৪৫ কিলোমিটার দূরত্ব থেকে সূর্যের তীব্র তেজ উপেক্ষা করেই এই অসাধ্য সাধন করেছে স্যাটেলাইটটি। আজিস্তা ইন্ডাস্ট্রিজ জানিয়েছে, এই প্রক্রিয়ায় মহাকাশ স্টেশনের অন্তত ১৫টি স্বতন্ত্র ফ্রেম পাওয়া গিয়েছে, যা তাদের গবেষণার শতভাগ সাফল্য প্রমাণ করে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতে প্রতিপক্ষ দেশের স্যাটেলাইটের গতিবিধি এবং অভ্যন্তরীণ পরিকাঠামোর ওপর নজর রাখা অনেক সহজ হবে। ইসরোর পাশাপাশি ভারতের বেসরকারি ক্ষেত্র যেভাবে মহাকাশ গবেষণায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করছে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদিও বিজ্ঞানী মহলের একাংশের মতে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আকারে অনেক বড় হওয়ায় সেটির ছবি তোলা তুলনামূলক সহজ। সাধারণ আকারের ছোট স্যাটেলাইটগুলোর ওপর এই একই নজরদারি চালানো ‘এএফআর’-এর জন্য আসল চ্যালেঞ্জ হবে।


