মুম্বই হামলার ১৭ বছর: জঙ্গি কাসবের শনাক্তকারী দেবিকার স্বপ্ন IPS হওয়া
কাসবের বিরুদ্ধে দেবিকা রোতাওয়ানের সাহসী সাক্ষ্য দিয়েই তাকে ফাঁসির সাজা হয়।
মুম্বই জঙ্গি হামলার ১৭ বছর পূর্ণ হয়েছে। দেশের প্রধান বাণিজ্যিক শহর মুম্বইসহ বিদেশেও দিনটি বিশেষ স্মৃতিতে পালিত হচ্ছে। ২০০৮ সালের ২৬ নভেম্বরের এই হামলায় দেশ-বিদেশ মিলিয়ে ১৬৪ জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন মুম্বই পুলিশের বিজয় সালাসকর, অশোক কামতে এবং এটিএস প্রধান হেমন্ত কারকারে।
মুম্বইয়ের জলপথ দিয়ে ১০ পাকিস্তানি জঙ্গি শহরের বিভিন্ন জায়গায় হামলা চালায়। একমাত্র জীবিত জঙ্গি আজমল কাসবকে ধরতে গিয়ে পুলিশ কনস্টেবল তুকারাম ওম্বলে তার জীবন ঝুঁকিতে ফেলে, কিন্তু শেষ পর্যন্ত কাসবকে আটক করেন। কাসবের বিরুদ্ধে দেবিকা রোতাওয়ানের সাহসী সাক্ষ্য দিয়েই তাকে ফাঁসির সাজা হয়। সেই সময় দেবিকার বয়স মাত্র ৯ বছর ছিল।
আজ ২৬ বছরের দেবিকা এখনও সেই দিনের কথা মনে করলে ভীত হয়। কাসবের একটি গুলি তার ডান পায়ে লেগেছিল, যার ফলে তার পায়ের হাড় ভেঙে গিয়েছিল। দীর্ঘদিনের চিকিৎসা ও মানসিক লড়াইয়ের পর, হাইকোর্টের নির্দেশে রাজ্য সরকার তাকে এক ফ্ল্যাট দিয়েছে।
দেবিকা জানান, তৎকালীন মহারাষ্ট্র সরকার হামলার পর পরিবারকে স্থায়ী ঘর দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বছরের পর বছর সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। ২০২০ সালে দেবিকা বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন। ২০২৪ সালে দীর্ঘ আইনি লড়াই শেষে হাইকোর্ট রাজ্য সরকারের কাছে ৬ মাসের মধ্যে বাড়ি দেওয়ার নির্দেশ দেন।
জানুয়ারিতে শিবশাহি পুনর্বাসন প্রকল্প লিমিটেড তাকে ৩০০ বর্গফুটের এক কামরার ফ্ল্যাট দিয়েছিল। দেবিকা বলেন, “এক বুলেট আমার পুরো জীবন বদলে দিয়েছে। আমি খুব অল্প বয়সে আমার মা হারিয়েছি, কিন্তু এখনও আমি চাই এই হামলার পেছনের সবাই শাস্তি পাক। তাই আমি আইপিএস অফিসার হতে চাই।”
দেবিকা জানান, কাসবের বিরুদ্ধে সাক্ষ্য দিতে গিয়ে তিনি ক্রাচে ভর দিয়ে আদালতে যেতেন। প্রথমবার ভালো করে কাসবকে দেখেই চিনে ফেলেন। সেই সময়ে তার পরিবারকেও অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল। বাবার ব্যবসা প্রভাবিত হয়েছিল, সরবরাহকারীরা সরবরাহ বন্ধ করে দিয়েছিল, স্কুলে ভর্তি করানো সম্ভব হয়নি। চার বছর তিনি পড়াশোনা করতে পারেননি। তারপর সংস্থার সাহায্যে স্কুলে ভর্তি হতে পেরেছিলেন।
তিনি বলেন, “আমি এখনও ভীত, কিন্তু জঙ্গিদের বিরুদ্ধে আমার লড়াই চলবে। এই ভয় আমাকে শক্তি দিয়েছে। আমি চাই ন্যায়ের শাসন প্রতিষ্ঠা হোক।”






