ভগবানের নামে পরিস্থিতি শান্ত হলে ভাল, স্পষ্ট কথা হিনা খানের
সংবাদমাধ্যম যখন হিনা খানকে প্রশ্ন করে যে আইনজীবীরা যখন তাঁর বিরুদ্ধে সনাতন ধর্মকে অপমান করার অভিযোগ তুলেছিলেন, তখন তাঁর রাগ হয়েছিল কিনা।
Truth Of Bengal: এই মুহূর্তে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ জুড়ে শোনা যাচ্ছে এক মহিলা পুলিশ সুপার হিনা খানের নাম। সম্প্রতি যেভাবে তিনি সনাতন আদর্শে বিশ্বাসী আইনজীবীদের জবাব দেওয়ার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন, তার প্রশংসা করেছেন রাজ্যবাসী সহ আরও অনেকে। সংবাদমাধ্যমকে তিনি এই ব্যাপারে জানিয়েওছেন। তাঁর সাফ কথা, তিনি নিজের ডিউটি করছিলেন এবং ভগবানের নামে যদি পরিস্থিতি শান্ত হয়, তাহলে তা ভাল।
সংবাদমাধ্যম যখন হিনা খানকে প্রশ্ন করে যে আইনজীবীরা যখন তাঁর বিরুদ্ধে সনাতন ধর্মকে অপমান করার অভিযোগ তুলেছিলেন, তখন তাঁর রাগ হয়েছিল কিনা। সেই প্রশ্নের উত্তরে হিনা স্পষ্ট জানান যে তাঁর রাগ হয়নি। তিনি বলেন, “রাগ হয়নি। তবে কষ্ট হয়েছিল। আমরা সকলেই এই দেশে থাকি। এখানে কাজ করি এবং সকলেরই স্বাধীনতা রয়েছে নিজের মত প্রকাশ করার।” এরপর তিনি বিনা দ্বিধায় জানান, “আমি নিজের ডিউটি করছিলাম। এবার যদি ভগবানের নামে পরিস্থিতি শান্ত হয়, তাহলে সেটা তো ভালো।”
ঘটনাটি ঠিক কী? ঘটনার সূত্রপাত মধ্যপ্রদেশ হাইকোর্টের গোয়ালিয়র বেঞ্চের সামনে সংবিধানের রচয়িতা বাবাসাহেব আম্বেদকরের মূর্তি বসানোকে ঘিরে। দুই দল আইনজীবীর মধ্যে অশান্তি লাগে এই ব্যাপারে। স্থানীয় প্রশাসনের তরফ থেকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়। এরই মাঝে রামায়ণের সুন্দরকাণ্ড পাঠের ব্যবস্থা করা হয় একদল আইনজীবীর তরফ থেকে। শুধু তাই নয়, এমনকি শামিয়ানা টাঙ্গানোর আয়োজনও হয়।
তখন একদল আইনজীবী জয় শ্রীরাম স্লোগান দিয়ে হিনার বিরুদ্ধে অভিযোগ তোলেন সনাতন ধর্মকে অপমান করার। এরপর তিনিও পাল্টা জয় শ্রীরাম বলতে থাকেন, যা শুনে চমকে যান আন্দোলনকারীরা। হিনা খান তাঁদের প্রশ্ন করেন “আর কিছু? আমিও স্লোগান দেবো যদি আপনারা শ্রীরামের নামে স্লোগান দেন।” ঘটনাটির ভিডিও ভাইরাল হয় চারিদিকে এবং তা দেখে হিনার প্রশংসায় পঞ্চমুখ অনেকে।






