Lok Sabha Elections 2024: পঞ্চম দফায় হেভিওয়েটের লড়াই, তালিকায় রাজনাথ-রাহুল-পীযূষ-স্মৃতি
Lok Sabha Elections 2024: Heavyweight fight in the fifth round, Rajnath-Rahul-Piyush-Smriti in the list

The Truth of Bengal: দেশ জুড়ে পঞ্চম দফার নির্বাচন আগামী ২০মে সোমবার। পঞ্চম দফায় মোট আটটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের ৪৯টি কেন্দ্রের ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। ভোটযুদ্ধে নামছেন ৬৯৫ জন প্রার্থী। এই পঞ্চম দফায় রয়েছেন একাধিক হেভিওয়েট প্রার্থী। হেভিওয়েটের তালিকা দীর্ঘ। আছেন রাজনাথ সিং, রাহুল গান্ধী, পীযূষ গোয়েল, স্মৃতি ইরানি। এ রাজ্যের ৭ টি লোকসভা কেন্দ্রে পঞ্চম দফায় নির্বাচন। আর এই কেন্দ্রগুলিতে রয়েছেন একাধিক হেভিওয়েট প্রার্থী। তাদের মধ্যে উল্লেখযোগ্য রচনা বন্দ্যোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, শান্তনু ঠাকুর, অর্জুন সিং।
পঞ্চম দফায় বিহারের ৫টি, ঝাড়খণ্ডের ৩টি, মহারাষ্ট্রে ১৩ টি, ওড়িশার ৫টি, উত্তরপ্রদেশে ১৪ টি, পশ্চিমবঙ্গের ৭টি, জম্মু ও কাশ্মীরের একটি ও লাদাখের একটি লোকসভা কেন্দ্রের নির্বাচন। এই দফায় নজরে মহারাষ্ট্রের মুম্বই নর্থ লোকসভা কেন্দ্রটি। বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। এছাড়াও নজরে উত্তর প্রদেশের হেভিওয়েট কেন্দ্র লখনউ। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি রায়বরেলি কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন রাহুল গান্ধী। ওয়েনাড়ের পর এই নির্বাচনে এটি তাঁর দ্বিতীয় কেন্দ্র। আমেথি কেন্দ্রটিও বিশেষ নজরে।
এই কেন্দ্রের বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তাঁর মুখোমুখি কংগ্রেসের প্রার্থী গান্ধী পরিবার ঘনিষ্ঠ কে এল শর্মা। বাংলার সাত কেন্দ্রের মধ্যে হুগলিতে জমজমাট ডুয়েল তৃণমূলের রচনা এবং বিজেপির লকেট। হাওড়া থেকে হেভিওয়েট প্রার্থী তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুর কেন্দ্রে তৃণমূলের অভিজ্ঞ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি সিপিএমের তরুণ প্রার্থী দীপ্সিতা ধর। ব্যারাকপুরে সদ্য দলবদলু অর্জুন সিং এবার বিজেপির প্রার্থী। হেভিওয়েট তালিকায় রয়েছেন বনগাঁ বনগাঁ কেন্দ্রের বিজেপি প্রার্থী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।






