
The Truth of Bengal: নতুন বছরের শুরুতেই রেল যাত্রীদের জন্য সুখবর।আরও ৬টি রুটে চালু হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। আগামী 30 ডিসেম্বর থেকে মিলবে এই সেমি হাইস্পিড ট্রেনের পরিষেবা। বন্দে ভারত নিয়ে আম জনতার উৎসাহ বাড়তে থাকায় এই সিদ্ধান্ত নিল রেল মন্ত্রক। উল্লেখ্য, বর্তমানে উত্তর পূর্বের রাজ্যগুলিকে বাদ দিলে দেশের প্রায় সর্বত্রই রয়েছে এই সেমি হাইস্পিড ট্রেনের পরিষেবা।তবে কোন কোন রুটে চলবে এই বন্দে ভারত এক্সপ্রেস। যদিও রেল মন্ত্রকের তরফে সরকারিভাবে এখনও এই ঘোষণা করা হয়নি।
তবে সূত্রের খবর, রুট ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন রেল বোর্ডের আধিকারিকেরা। রুটগুলি হল দিল্লি থেকে কাটরা, দিল্লি থেকে অযোধ্যা হয়ে লখনউ, দিল্লি থেকে চণ্ডীগড়, বেঙ্গালুরু থেকে কোয়েম্বাটুর, ম্যাঙ্গালোর থেকে গোয়া। ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী অযোধ্যা থেকে সমস্ত বন্দে ভারত এক্সপ্রেসের পতাকা উড়িয়ে দেবেন বলেই খবর। তবে বারাণসীর মতো দিল্লি-কাটরা রুটেও এবার থেকে দিনে দুবার করে ট্রেন চলবে।
আগামী ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তার আগেই এই বন্দে ভারত উপহার পেতে চলেছে দেশ। তবে বর্তমানে বন্দে ভারত এক্সপ্রেস উত্তর-পূর্বের রাজ্যগুলি ছাড়া বাকি সমস্ত রাজ্যে চালু হয়ে গিয়েছে। এর মধ্যে বারাণসী প্রথম শহর যেখানে সকাল এবং সন্ধ্যায় অর্থাৎ দিনে দু বার বন্দে ভারত চলে। বাংলা থেকেও এনজেপি, পুরী যাওয়ার বন্দে ভারত চলে।রেল সূত্রে আরও খবর, বারাণসীর পর দিনে দুটি বন্দে ভারত পেতে চলেছে দিল্লি-কাটরা রুট। সকাল ও সন্ধ্যায় এই সেমি হাইস্পিড ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।






