কেদারনাথে এয়ারলিফটের সময় মাঝ আকাশে ছিঁড়ে পড়ল বিকল হেলিকপ্টার
During the airlift at Kedarnath the damaged helicopter broke up in mid-air

Truth of Bengal: কেদারনাথে এয়ারলিফটের সময় মাঝ আকাশে ছিঁড়ে পড়ল বিকল হেলিকপ্টার। বিকল হয়ে যওয়া হেলিকপ্টারকে ফিরিয়ে আনাতে গিয়ে ঘটে যায় বিপত্তি। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই। উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির জেরে অগাস্টের বেশিরভাগ সময়ই পায়ে হেঁটে বন্ধ ছিল কেদারনাথ যাত্রা। সেক্ষেত্রে চলতি মাসে হেলিকপ্টারই একমাত্র ভরসা পূণ্যার্থীদের একটা বড় অংশের কাছে।
এই আবহে এবার মাঝ আকাশ থেকে ছিঁড়ে পড়ে বিকল হয়ে যাওয়া হেলিকপ্টার। তা নিয়েই ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। শনিবার সকালেই কেদারনাথ ধামে অবতরণের সময়ই ঘটে এই ঘটনা। জানা যায়, যান্ত্রিক ত্রুটির জেরেই বিকল হয়ে পড়েছিল হেলিকপ্টার। সেটিকেই এয়ারলিফ্টে করে ফিরিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছিল এমআই ১৭ চপারের সাহায্যে। সেটির সঙ্গেই বিকল হেলিকপ্টারটি চেন দিয়ে বেঁধে আনার ব্যাবস্থা করা হচ্ছিল।
প্রাথমিকভাবে খবর পাওয়া যায়, কেদারনাথ ও গৌচরের মাঝে লিঞ্চোলিতে এই দুর্ঘটনাটি ঘটেছে। আচমকাই উদ্ধারকারী চপার ছিঁড়ে গিয়ে হেলিকপ্টারটি ভেঙে পড়ে মন্দাকিনী নদীর ধারে। বড় বড় পাথরের উপর সেই হেলিকপ্টার আছড়ে পড়ে রীতিমতো টুকরো টুকরো হয়ে যায় সেটি।
তবে সূত্রের খবর এই দুর্ঘটনার জেরে হতাহতের কোনও খবর নেই। প্রসঙ্গত, অতি বৃষ্টির কারণে কেদারনাথের একাধিক রাস্তায় ধস নামে। যার জেরে কেদারনাথ ও গৌরীকুণ্ডের মাঝে আটকে পড়েন একাধিক তীর্থযাত্রী। তাঁদের উদ্ধারকাজে ব্যবহৃত হয় বায়ুসের এই চপার এমআই-১৭।






