দেশ

Paragliding Accident: হিমাচলে প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় প্রাণ হারাল গুজরাটের পর্যটক, গুরুতর আহত পাইলট

কিছুক্ষণের মধ্যেই তাঁদের প্যারাগ্লাইডের ক্যানপি নিয়ন্ত্রণ হারায় এবং সজোরে একটি পাহাড়ি খাদে আছড়ে পড়ে।

Truth of Bengal: আবারও ভয়াবহ দুর্ঘটনা হিমাচল প্রদেশের ধর্মশালায়। সোমবার সন্ধ্যেবেলা ইন্দ্রুনাগ প্যারাগ্লাইডিং সাইটে পর্যটন অভিজ্ঞতা নিতে গিয়ে প্রাণ হারালেন গুজরাটের আহমেদাবাদ থেকে আসা এক ২৫ বছর বয়সি পর্যটক। মৃতের নাম সতীশ রাজেশ ভাই। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন প্যারাগ্লাইডিং পাইলট সুরজ, বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন কঙ্গরার বালাজি হাসপাতালে (Paragliding Accident)।

পুলিশ সূত্রে খবর, সতীশ ও পাইলট সুরজ একত্রে প্যারাগ্লাইডিংয়ে উড়ান শুরু করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁদের প্যারাগ্লাইডের ক্যানপি নিয়ন্ত্রণ হারায় এবং সজোরে একটি পাহাড়ি খাদে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা ও উদ্ধারকারী দল। প্রাথমিকভাবে আহত দু’জনকে ধর্মশালার হাসপাতালে ভর্তি করা হয়, পরে সতীশকে স্থানান্তরিত করা হয় তান্ডা মেডিক্যাল কলেজে, যেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃত্যু হয় তাঁর। চিকিৎসকদের মতে, সতীশের মাথা, মুখ ও শরীরের একাধিক জায়গায় মারাত্মক চোট লেগেছিল। চোট এতটাই গুরুতর ছিল যে শেষরক্ষা করা যায়নি। অন্যদিকে, পাইলট সুরজের অবস্থাও সঙ্কটজনক হলেও স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা (Paragliding Accident)।

আরও পড়ুন: Cyber Awareness: ইন্টারনেটের অদৃশ্য ফাঁদে ছাত্র সমাজ

ধর্মশালার অতিরিক্ত পুলিশ সুপার লখনপাল জানিয়েছেন, প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে—প্যারাগ্লাইডিংয়ের শুরুতেই পরিসর কম ছিল এবং পর্যাপ্ত দৌড়ের অভাবেই প্যারাশুট পুরোপুরি কাজ করেনি। তার উপর, উড়ানের সময় বাতাসের গতিও অত্যন্ত কম ছিল, যা এই মর্মান্তিক দুর্ঘটনার মূল কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। পুরো বিষয়টি তদন্তসাপেক্ষ এবং তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার জেরে জেলা প্রশাসনের পক্ষ থেকে আপাতত ইন্দ্রুনাগ এলাকায় সবধরনের প্যারাগ্লাইডিং বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে (Paragliding Accident)।

উল্লেখযোগ্যভাবে, এই দুর্ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। চলতি বছরের জানুয়ারি মাসেও ঠিক একই জায়গায় প্যারাগ্লাইডিং করতে গিয়ে মৃত্যু হয়েছিল গুজরাটেরই ১৯ বছরের পর্যটক ভাবসর খুশির। সেই সময়ও পাইলট আহত হয়েছিলেন। ফলে পরিকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন উঠছে পর্যটকদের মধ্যে জনপ্রিয় এই অ্যাডভেঞ্চার স্পোর্টস ঘিরে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে দুর্ঘটনার ভিডিও। নেটিজেনদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন এই ধরনের ঝুঁকিপূর্ণ খেলায় পর্যাপ্ত নিরাপত্তা না থাকার বিষয়টি নিয়ে (Paragliding Accident)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

প্রশাসন সূত্রে ইঙ্গিত মিলেছে, ভবিষ্যতে ধর্মশালা সহ গোটা হিমাচল প্রদেশে অ্যাডভেঞ্চার স্পোর্টস চালুর আগে আরও কঠোর নিয়ম চালুর পরিকল্পনা নেওয়া হচ্ছে। যাতে এই ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। ময়নাতদন্তের পর সতীশের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। ইতিমধ্যেই তাঁর পরিবারকে খবর পাঠানো হয়েছে।

Related Articles