CPI Maoist Warning: আত্মসমর্পণ করো নয়তো মৃত্যু’ বার্তার পর মাওবাদীদের ইউ-টার্ন! কেন্দ্রীয় কমিটির কড়া হুঁশিয়ারি
২ থেকে ৮ ডিসেম্বর ‘বিপ্লবের সপ্তাহ’ পালনের আগে মাওবাদীদের সেন্ট্রাল মিলিটারি কমিশন এক বিবৃতিতে জানায়, চলতি বছর মাওবাদীদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী বছরগুলোর একটি।
Truth of Bengal: মাওবাদীদের আত্মসমর্পণের প্রবণতা বাড়লেও দমন-পীড়নের মুখে এবার সম্পূর্ণ ভিন্ন সুরে হুঁশিয়ারি দিল সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘আত্মসমর্পণ নয়তো মৃত্যু’ বার্তার পর টানা কয়েকমাসে বহু মাওবাদী আত্মসমর্পণ করলেও সংগঠনের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে।২ থেকে ৮ ডিসেম্বর ‘বিপ্লবের সপ্তাহ’ পালনের আগে মাওবাদীদের সেন্ট্রাল মিলিটারি কমিশন এক বিবৃতিতে জানায়, চলতি বছর মাওবাদীদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী বছরগুলোর একটি।এ বছর আমরা ৩২০ জন কমান্ডো হারিয়েছি। যার মধ্যে রয়েছেন কেন্দ্রীয় কমিটির ৮ নেতা, রাজ্যস্তরের ১৫ জন শীর্ষ নেতা ও সাধারণ সম্পাদক বাসবরাজ।নিহতদের মধ্যে ২৪৩ জনই দণ্ডকারণ্য অঞ্চলের।
বিবৃতিতে সংগঠনের কর্মীদের ছোট ছোট বৈঠক, পোস্টারিং ও প্রচার অভিযানে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন নিয়োগ প্রক্রিয়া জোরদার করার কথাও বলা হয়েছে। কেন্দ্রীয় কমিটির দাবি, কঠিন সময়ের মধ্যেও রক্তক্ষয়ী বিপ্লব চালিয়ে যেতে হবে। অন্যদিকে কিছুদিন আগে সিপিআই (মাওবাদী)-র তরফে সরকারের কাছে তিন মাস অভিযান স্থগিত রাখার আবেদন করা হয়েছিল, যাতে ছত্রভঙ্গ ক্যাডারদের একত্রিত হয়ে আত্মসমর্পণ ও পুনর্বাসন নিয়ে আলোচনা সম্ভব হয়। সেই আবেদনকে উপেক্ষা করে এবার কেন্দ্রীয় কমিটির হঠাৎ হামলার হুমকি দেয়। যা গোটা নিরাপত্তা ব্যবস্থায় নতুন প্রশ্ন তুলেছে।গত কয়েকমাসে শতাধিক মাওবাদীর আত্মসমর্পণ এবং বহু শীর্ষ কমান্ডারের মৃত্যু হয়েছে নিরাপত্তা বাহিনীর অভিযানে। সেই পরিস্থিতিতে হঠাৎ ‘লড়াই জারি’ বার্তা বিশ্লেষকদের চোখে মাওবাদীদের ভেতরের মতবিরোধ বা চাপের প্রতিফলন।
মাওবাদীদের নতুন হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে নারাজ কেন্দ্র ও রাজ্য প্রশাসন। খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন ২০২৬ সালের মার্চের মধ্যে ভারত হবে মাওবাদীমুক্ত।এক শীর্ষ পুলিশ কর্তা স্পষ্ট করে বলেন,ওরা আত্মসমর্পণ করুক বা যুদ্ধ বেছে নিক অস্ত্র হাতে দেখা গেলেই ব্যবস্থা নেওয়া হবে।অভিযান কোনও ভাবেই থামবে না বরং আরও তীব্র হবে।সব মিলিয়ে, আত্মসমর্পণের ঢলের পরেও মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির কড়া অবস্থান নতুন উত্তেজনা তৈরি করেছে। তবে কেন্দ্রীয় সরকারের দাবি এই ধরনের হুমকি প্রশাসনের কৌশলকে একটুও প্রভাবিত করবে না।






