দেশ

জনগণনায় ঐতিহাসিক বদল! বাদ পড়ল ‘ভিখারি’ ক্যাটেগরি, থাকছে নতুন শ্রেণি

গত আদমশুমারিতে মাত্র ৩.৮ লক্ষ মানুষ নিজেদের ভিখারি হিসেবে পরিচয় দিয়েছিলেন, যা বাস্তব চিত্রের চেয়ে অনেক কম।

Truth of Bengal: দেশজুড়ে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত জনগণনার কাজ। কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চালালেও এবারের আদমশুমারিতে থাকছে একটি বড়সড় বদল। এবার থেকে প্রশ্নপত্রে আর আলাদা করে ভিখারিদের তথ্য উল্লেখ করা হবে না। শুরু থেকে ২০১১ সাল পর্যন্ত জনগণনায় ‘বেগার্স অ্যান্ড ভ্যাগ্রান্টস’ নামের একটি নির্দিষ্ট শ্রেণি থাকত, যেখানে কোনো উপার্জনের সাথে যুক্ত না থাকা ও আর্থিক লেনদেনের বাইরে থাকা ব্যক্তিদের চিহ্নিত করা হতো। তবে সামাজিক ছুঁতমার্গ ও হীনম্মন্যতা দূর করতেই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে এই বিভাগটি পুরোপুরি তুলে নেওয়া হয়েছে।

গত আদমশুমারিতে মাত্র ৩.৮ লক্ষ মানুষ নিজেদের ভিখারি হিসেবে পরিচয় দিয়েছিলেন, যা বাস্তব চিত্রের চেয়ে অনেক কম। মনে করা হচ্ছে, সামাজিক সংকোচের কারণেই অনেকে আসল তথ্য গোপন রাখতেন। তাই এবার এই ব্যক্তিদের ‘আদার্স’ বা অন্যান্য শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হবে, যার মধ্যে পড়ুয়া, গৃহস্থালির কাজ করা ব্যক্তি এবং অবসরপ্রাপ্তরাও থাকবেন।

তবে এবার তথ্য সংগ্রহের ক্ষেত্রে ধর্ম, জাতিগত পরিচয়, প্রযুক্তিগত সুবিধা, আবাসন ব্যবস্থা এবং কোভিড টিকাকরণের তথ্য সহ ৪০টি ভিন্ন প্রশ্ন রাখা হয়েছে। সেইসাথে আধার, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত বিবরণও নথিবদ্ধ করা হবে।