ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে বাধ্যতামূলক নতুন ভাষা! জাতীয় শিক্ষানীতি মেনে বড় পদক্ষেপ সিবিএসই-র
ষষ্ঠ শ্রেণির ক্ষেত্রে দু’টি ভারতীয় ভাষা এবং একটি বিদেশি ভাষা পড়ার নিয়ম চালু হচ্ছে
Truth of Bengal: জুলাইয়ের প্রথম দিন থেকেই সিবিএসই বোর্ডের পড়ুয়াদের ভাষা শিক্ষায় নতুন নিয়ম চালু হতে চলেছে। জাতীয় শিক্ষানীতির তিন-ভাষা নীতি মেনে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য নতুন ভাষা শেখা বাধ্যতামূলক করা হচ্ছে। বিদেশি ভাষার পাশাপাশি অন্তত একটি ভারতীয় বা আঞ্চলিক ভাষা পড়তে হবে পড়ুয়াদের। ষষ্ঠ শ্রেণির ক্ষেত্রে দু’টি ভারতীয় ভাষা এবং একটি বিদেশি ভাষা পড়ার নিয়ম চালু হচ্ছে।
নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে ছাত্রছাত্রী ও অভিভাবকদের বিভ্রান্তি দূর করতে সিবিএসই একটি নতুন নির্দেশিকা জারি করেছে। সোমবার রাতে প্রকাশিত সেই নির্দেশিকায় তিন-ভাষা শিক্ষানীতি নিয়ে একাধিক বিষয় স্পষ্ট করা হয়েছে। সিবিএসই জানিয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে যারা দশম শ্রেণিতে পড়ছে এবং ইতিমধ্যেই দু’টি ভাষা পড়ছে, তাদের তৃতীয় ভাষা পড়তে হবে না। অর্থাৎ দশম শ্রেণির পড়ুয়ারা এই নতুন নিয়ম থেকে ছাড় পাবে। সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণির পড়ুয়াদের ক্ষেত্রেও একবারের জন্য ছাড় দেওয়া হয়েছে। যাদের পাঠ্যক্রমে ইতিমধ্যেই দু’টি বিদেশি ভাষা রয়েছে, যেমন ইংরেজির সঙ্গে জার্মান বা ফরাসি, তাদের কোনও বিদেশি ভাষা বাদ দিতে হবে না। তবে তাদের একটি ভারতীয় ভাষা পাঠ্যক্রমে যুক্ত করতে হবে।
তৃতীয় ভাষার পরীক্ষা নিয়ে পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন ছিল। নবম শ্রেণিতে নতুন ভাষা শেখা শুরু করলে দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় সেই ভাষার পরীক্ষা দিতে হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। সিবিএসই জানিয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির পড়ুয়াদের ক্ষেত্রে তৃতীয় ভাষার মূল্যায়ন আপাতত স্কুল স্তরেই হবে। তবে একই শিক্ষাবর্ষে যারা ষষ্ঠ শ্রেণি থেকে নতুন ভাষা শেখা শুরু করবে, তাদের দশম শ্রেণিতে ওই ভাষার বোর্ড পরীক্ষাও দিতে হবে। পাঠ্যবই নিয়েও নতুন নির্দেশ দিয়েছে সিবিএসই। আগে জানানো হয়েছিল, নবম শ্রেণির পড়ুয়াদের নতুন ভাষার জন্য আলাদা বই দেওয়া হবে না, ষষ্ঠ শ্রেণির বই দিয়েই পড়তে হবে। তবে নতুন নির্দেশিকায় বলা হয়েছে, শ্রেণি অনুযায়ী আলাদা পাঠ্যবইয়ের ব্যবস্থা করা হবে। ষষ্ঠ শ্রেণির পড়ুয়াদের জন্য ২২টি ভারতীয় ভাষার পাঠ্যবই প্রস্তুত রাখা হয়েছে। পড়ুয়ারা নিজেদের পছন্দের ভাষা বেছে নিতে পারবে। সেই অনুযায়ী তাদের বই দেওয়া হবে। যাদের একটি বিদেশি ভাষার পাশাপাশি দু’টি ভারতীয় ভাষা পড়তে হবে, তাদের জন্য এই ব্যবস্থা করা হচ্ছে।
সিবিএসই আরও জানিয়েছে, এই পরিবর্তন ধাপে ধাপে কার্যকর করা হবে। প্রাথমিক পর্যায়ে কিছু ক্ষেত্রে নিয়ম শিথিল রাখা হলেও ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণির পড়ুয়া এবং তার পরবর্তী ব্যাচগুলিকে তিন-ভাষা নীতির সমস্ত নিয়ম মেনেই পড়াশোনা করতে হবে। তবে বিশেষ ভাবে সক্ষম পড়ুয়া, বিদেশ থেকে আসা পড়ুয়া এবং ভারতের বাইরে থাকা সিবিএসই স্কুলগুলির ক্ষেত্রে এই নিয়মে ছাড় থাকবে। ভাষা শিক্ষক নিয়োগ এবং পাঠ্যবই সরবরাহের ক্ষেত্রেও প্রয়োজন অনুযায়ী নমনীয়তা রাখা হবে বলে জানিয়েছে বোর্ড।


