দেশব্যবসা

কর্মীদের কথা ভেবে বিশেষ অফার কোম্পানির, ১,০০০ জনকে লন্ডন ভ্রমণ

কোম্পানির এক বিবৃতিতে জানানো হয়েছে, এই প্রফিট শেয়ার বোনানজা উদ্যোগের মাধ্যমে এখন পর্যন্ত সংস্থার ৬,০০০-রও বেশি কর্মী সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, দুবাই, স্পেনসহ বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন।

Truth Of Bengal: ১,০০০ কর্মীকে এক সপ্তাহের জন্য সম্পূর্ণ স্পনসর্ডে লন্ডনে ঘুরতে নিয়ে যাবে চেন্নাই-ভিত্তিক রিয়েল এস্টেট ডেভেলপার কাসাগ্র্যান্ডে। এমনই ঘোষণা করেছে এই কোম্পানি। এটি তাদের বার্ষিক কর্মী পুরস্কার ‘প্রফিট শেয়ার বোনানজা’-র অংশ।

কোম্পানির এক বিবৃতিতে জানানো হয়েছে, এই প্রফিট শেয়ার বোনানজা উদ্যোগের মাধ্যমে এখন পর্যন্ত সংস্থার ৬,০০০-রও বেশি কর্মী সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, দুবাই, স্পেনসহ বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। যা তাদের কাছে জীবন-পরিবর্তনকারী ও গভীরভাবে অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা হিসেবে বিবেচিত।

বছর যত যাচ্ছে, এই উদ্যোগ তত বেশি বিস্তৃত হয়ে উঠছে। কোম্পানির মতে, এর মাধ্যমে আরও একবার প্রমাণ হয় যে তাদের সাফল্যের মূল ভিত্তি হল কর্মীরা, এবং সেই সাফল্যকে তাদের সঙ্গেই সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে উদ্‌যাপন করা উচিত।

কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারত ও দুবাইয়ের বিভিন্ন শাখার কর্মীদের একত্রিত করে লন্ডন সফর সাজানো হয়েছে যাতে তারা শহরের ঐতিহ্য, সংস্কৃতি ও সৌন্দর্যের এক স্মরণীয় অভিজ্ঞতা নিতে পারেন। কোম্পানি সূত্রে জানা গেছে, কর্মীদের একাধিক দলে ভাগ করে ১,০০০ জনকে লন্ডনে নিয়ে যাওয়া হবে।

কর্মীদের জন্য সাজানো ভ্রমণসূচিতে রয়েছে উইনসর ক্যাসেলের গাইডেড অডিও ট্যুর, ক্যামডেন মার্কেটের রঙিন রাস্তাঘাট ঘোরা, এবং ইন্টারকন্টিনেন্টাল লন্ডনে একটি বৃহৎ গালা ডিনার।

কোম্পানির কর্মীরা আরও ঘুরে দেখবেন সেন্ট পলস ক্যাথেড্রাল, লন্ডন ব্রিজ, বিগ বেন, বাকিংহাম প্যালেস, পিকাডিলি সার্কাস, ট্রাফালগার স্কোয়ার, এবং মাদাম তুসো মিউজিয়াম। সফরের শেষ দিন থাকবে মনোরম থেমস নদীতে ক্রুজ ভ্রমণ, যা পুরো লন্ডন শহরের সৌন্দর্যকে এক নজরে দেখার সুযোগ দেবে।

কাসাগ্র্যান্ডের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক অরুণ এমএন বলেছেন, “প্রতি বছর আমরা যখন আমাদের কর্মীদের এভাবে উদ্‌যাপন করি, তখনই আরও একবার মনে করিয়ে দেয় কাসাগ্র্যান্ড আসলে কী প্রতিনিধিত্ব করে। আমাদের টিমই আমাদের প্রতিষ্ঠানের প্রাণ। তাদের হাসি, আনন্দ, আবেগ—সবই আমাদের কাছে অত্যন্ত গর্বের।”

তিনি আরও বলেন, “আমরা সম্পদের ভাগাভাগিতে বিশ্বাস করি। আমাদের বহু কর্মী জীবনে প্রথমবার বিদেশ ভ্রমণ করছেন—এটাই আমাদের কাছে সবচেয়ে বড় আনন্দ। সবার স্বপ্ন পূরণ হতে দেখা, একসঙ্গে স্মৃতি তৈরি করা, এবং আরও আত্মবিশ্বাস নিয়ে ফিরে আসা—এই উদ্যোগকে সত্যিই অনন্য করে তোলে।”

কোম্পানি বিবৃতিতে আরও বলেছে, এই ভ্রমণ সফল করতে একটি বিশেষ টিম কয়েক মাস ধরে পরিকল্পনা করেছে। শীর্ষস্থানীয় এয়ারলাইন্সের সঙ্গে যুক্ত হয়ে এমনভাবে পুরো সফর সাজানো হয়েছে যাতে পদমর্যাদা যাই হোক না কেন, প্রত্যেক কর্মী একসঙ্গে ভ্রমণ ও একই মানের অভিজ্ঞতা উপভোগ করতে পারেন।