কলকাতা

ফের বিদেশ সফরে কুণাল ঘোষ, সম্মতি কলকাতা হাই কোর্টের

আগের মতোই সমস্ত শর্ত মানতে হবে, সোমবার বিদেশ সফরের আবেদন মঞ্জুর করে এমনটাই জানিয়েছে বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ।

Truth Of Bengal: কুণাল ঘোষের বিদেশ সফরে সম্মতি দিল কলকাতা হাইকোর্ট। তৃণমূল নেতার গন্তব্য এবার লন্ডন ও আয়ার্ল্যান্ড।

২০২৫ সালের অক্টোবরে সাংস্কৃতিক ও আনুষঙ্গিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। সে কারণেই বিদেশে যাত্রা, তাই হাই কোর্টের কাছে অনুমতি চেয়েছিলেন কুণাল ঘোষ। আগের মতোই সমস্ত শর্ত মানতে হবে, সোমবার বিদেশ সফরের আবেদন মঞ্জুর করে এমনটাই জানিয়েছে বিচারপতি শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ।

তৃণমূল মুখপাত্রের আইনজীবী অয়ন চক্রবর্তী আদালতে জানান, প্রতিবার আইন মেনে সফরে গিয়েছেন তাঁর মক্কেল (Kunal Ghosh)। সিবিআই-এর রিপোর্টেও তারা উল্লেখ করেছে যে, সব সময় আদালতের নির্দেশ মেনে চলেন কুণাল ঘোষ। আইনজীবীর সব কথা শুনে শেষে সবুজ সঙ্কেত দেয় ডিভিশন বেঞ্চ।

এই নিয়ে কুণাল ঘোষ বলেন, “জামিনের শর্তেই ছিল, বিদেশ যেতে গেলে কোর্টের অনুমতি নিতে হবে। আইন মেনেই আমি সেই অনুমতি নিয়েছি”।

মামলার নিস্পত্তি হয়নি, এখনও মেনে চলতে হয় একাধিক শর্ত। এবারেও প্রতিবারের মতো সফরের আগে নিতে হল আদালতের সম্মতি। বিদেশ সফরের আগে ৫ লক্ষ টাকার বন্ড জমা রাখতে হবে তৃণমূল মুখপাত্রকে। তাঁর সফর শেষ করে দেশে ফিরে আসার পর তিনি অর্থ ফিরে পাবেন। এর আগেও আদালতের অনুমতি নিয়ে সিঙ্গাপুর, দুবাই ও লন্ডন সফরে গিয়েছেন তিনি। এবার ফের যাচ্ছেন লন্ডন, সঙ্গে আয়ার্ল্যান্ডও।

Related Articles