পুরনো শত্রুতা থেকে রক্তপাত! গুরুগ্রামে নাবালকের হাতে গুলিবিদ্ধ কিশোর বন্ধু
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই রাতেই এক নাবালক তার বন্ধুকে বারবার ফোন করে বাইরে ডাকে।
Truth Of Bengal: পুরনো শত্রুতা থেকেই রক্তক্ষয়ী পরিণতি। গুরুগ্রামে একাদশ শ্রেণির দুই পড়ুয়া অভিযুক্ত হল এক নাবালক বন্ধুকে গুলি করার অভিযোগে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আহত কিশোর। পুলিশ আটক করেছে দুই অভিযুক্ত নাবালককেই। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এর সেন্ট্রাল পার্ক রিসোর্ট এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই রাতেই এক নাবালক তার বন্ধুকে বারবার ফোন করে বাইরে ডাকে। প্রথমে যেতে না চাইলেও বারংবার অনুরোধে শেষ পর্যন্ত সে রাজি হয়। এরপর বন্ধুর সঙ্গে তার বাবার ভাড়ার ফ্ল্যাটে পৌঁছনোর পরই ঘটে বিপত্তি। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল আরও এক নাবালক বন্ধু।
অভিযোগ, সেই সময় বাবার লাইসেন্সপ্রাপ্ত বন্দুক বের করে হঠাৎই গুলি চালায় এক কিশোর। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে আহত কিশোর। গুলির শব্দে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি দল এবং আহত কিশোরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
আহতের মায়ের অভিযোগের ভিত্তিতে দুই নাবালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পুরনো ব্যক্তিগত বিবাদের জেরেই এই হামলা চালিয়েছে দুই অভিযুক্ত।পুলিশ জানায়, দুই অভিযুক্তকেই আটক করা হয়েছে। ঘটনাটি নাবালকদের মধ্যে পুরনো ঝামেলাকে কেন্দ্র করেই ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান। বন্দুকটি অভিযুক্তের বাবার নামে লাইসেন্সপ্রাপ্ত। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গুরুগ্রামের শান্তিপূর্ণ আবাসন এলাকায়। পুলিশ এখন তদন্ত করছে, কীভাবে নাবালকরা সহজে অস্ত্রের নাগাল পেল এবং তাদের পেছনে কোনও প্ররোচনা বা বড় ষড়যন্ত্র রয়েছে কি না।




