দেশ

নতুন বছরে কাকা-ভাইপো এক হয়ে যান, চাইছেন অজিত পাওয়ারের মা

Ajit Pawar's mother wants uncle-nephew to unite in New Year

Truth Of Bengal: মহারাষ্ট্রের রাজনীতির অন্যতম শক্তিশালী পরিবার পাওয়ার পরিবারের ক্ষমতা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। প্রায় দেড় বছর আগে, অজিত পাওয়ার বেশ কিছু বিধায়ককে সঙ্গে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টিতে (এনসিপি) বিদ্রোহ ঘোষণা করেছিলেন। শরদ পাওয়ার দ্বারা গঠিত দলটি দু’টি উপদলে বিভক্ত হয়ে পড়ে এবং কাকা শরদ এবং ভাইপো অজিতের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক এরপর তলানিতে ঠেকে। সাম্প্রতিক লোকসভা নির্বাচনে এবং তারপরে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে একে অপরের বিরোধী হয়ে ভোট যুদ্ধে নামেন। লোকসভা নির্বাচনের ফলাফল শরদ পাওয়ারের পক্ষে গেলেও, বিধানসভা নির্বাচনে অজিত এগিয়ে যান। দুই নির্বাচনী লড়াইয়ের পর কাকা-ভাইপোর দল নিয়ে নতুন বছরে শুরু হয়েছে নতুন আলোচনা।

মহারাষ্ট্র সরকারের ডেপুটি সিএম অজিতের মা আশা পাওয়ার নববর্ষের অভিনন্দন জানাতে গিয়ে বলেছেন, নতুন বছর সবার জন্য ভাল হোক। তিনি আরও বলেছেন, সমস্ত পারিবারিক বিবাদের অবসান হওয়া উচিত এবং অজিতের উচিত দাদার (শরদ পাওয়ার) অনুসরণ করা। প্রতিটি বিপর্যয়ের অবসান হওয়া উচিত। তিনি শারদ পাওয়ার এবং অজিত পাওয়ারের আবার একত্র হওয়ার কামনা করেন এবং বলেন, তিনি ভগবান বিঠলের কাছে এই প্রার্থনাই করেছেন।

এটি লক্ষণীয় যে, অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি (এপি) ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন মহারাষ্ট্রের ক্ষমতাসীন জোটে অন্তর্ভুক্ত রয়েছে। এই জোটে রয়েছে একনাথ শিন্ডের শিবসেনাও। শরদ পাওয়ার নিজের দল দখলের লড়াইয়ে অজিতের পিছনে পড়ে এনসিপি (এসপি) নামে একটি নতুন দল গঠন করেছিলেন। শরদ পাওয়ারের দল কংগ্রেস এবং শিবসেনা (ইউবিটি)-সহ বিরোধী মহাবিকাশ আঘাদি (এমভিএ)-এর অন্তর্ভুক্ত। অজিত পাওয়ারের মায়ের এই বক্তব্যের পর এখন তা নিয়েও জল্পনা শুরু হয়েছে।

Related Articles