দেশ

খুনের পর টুকরো টুকরো করে স্ত্রীর দেহ এলাকায় ছড়িয়ে দিলেন স্বামী

After the murder, the wife was cut into pieces The husband spread the body in the area

Truth of Bengal: যোগী রাজ্যে ঘটল হাড়হিম করা ঘটনা। স্ত্রীকে খুন করে দেহ টুকরো টুকরো করে একাধিক জায়গায় ফেলে দিলেন স্বামী। এমনি ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের শ্রাবস্তী জেলা। অভিযোগ উঠেছে প্রথমে স্ত্রীকে খুনের পর দেহ টুকরো করে একাধিক জায়গায় ফেলে দিয়েছিলেন স্বামী। প্রমাণ লোপাটে কাটা হাত-পার সঙ্গে জামাকাপড়-ও পুড়িয়েও দেওয়া হয় । ইতিমধ্যেই অভিযুক্ত স্বামী সইফউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, কয়েক বছর আগে সইফউদ্দিনের সঙ্গে বিয়ে হয় সাবিনা নামক এক মহিলার। তবে তাঁদের দাম্পত্য জীবন সুখের ছিল না। প্রায়শই তাদের মধ্যে ঝামেলা হত।  গত ১৪ মে অর্থাৎ বুধবার সাবিনার ভাই সালাউদ্দিন তাঁর দিদিকে একাধিকবার ফোন করেও কোনও সাড়া পাননি। এরপর তিনি দিদির বাড়িতে এসে দেখেন, দরজায় তালা ঝুলছে এবং বাড়ি ফাঁকা। কিছুক্ষণ পর বাড়ির আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায় সইফউদ্দিনকে। তাঁকে সাবিনার বিষয়ে জিজ্ঞাসা করলে কোনও সদুত্তর দেননি তিনি। এতে সন্দেহ হওয়ায় সালাউদ্দিন থানায় অভিযোগ জানান।

সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ সইফউদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রথমে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করলেও, দুই দিন পর নিজের অপরাধ স্বীকার করে নেয় সে। জানায়, রাগের বশে স্ত্রী সাবিনাকে খুন করে এবং দেহ লোপাট করতে তা কেটে টুকরো করে দেওয়া হয়েছিল। ওই অঞ্চলের অন্তত ১০ কিলোমিটার এলাকা জুড়ে দেহাংশ ছড়িয়ে দিয়েছিল যুবক।

অন্যদিকে, মৃতদেহের অংশ খুঁজে পেলেও যাতে তাকে কেউ চিনতে না পারে সেই কারণে হাত-পা এবং জামাকাপড় পুড়িয়ে ফেলেছিল সে। পুলিশ ইতিমধ্যেই সাবিনার দেহের বেশ কিছু অংশ উদ্ধার করেছে। মৃতার পরিবার অভিযোগ করেছে, বিয়ের পর থেকেই সইফউদ্দিন ও তাঁর পরিবারের লোকজন সাবিনাকে পণের জন্য নির্যাতন করত। তাঁরা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুরো ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Related Articles