
The Truth of Bengal: বাজির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১৩ জনের। আহত সাতজন। ঘটনাটি ঘটেছে কর্নাটকের বেঙ্গালুরু শহরের অ্যাটিবেলে। ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধে নাগাদ বেঙ্গালুরুর অ্যাটিবেলে একটি বাজির দোকানে আচমকাই আগুন লেগে যায়। প্রথমে বাজির দোকানে একটি বিস্ফোরণ হয়। তার জেরেই দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রের খবর, আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ১৩ জন শ্রমিকের। আরও সাতজন শ্রমিক গুরুতরভাবে জখম হয়েছেন।
জেলা প্রশাসন সূত্রের খবর, বাজি কারখানাটি কর্নাটকে-তামিলনাড়ু সীমান্তের খুব কাছে অবস্থিত। দুর্ঘটনার সময় কারখানায় ২০ জন শ্রমিক ছিলেন। বিস্ফোরণে বাজির দোকানে এমনভাবে আগুন ছড়িয়ে পড়ে, প্রত্যেক কর্মী আটকে পড়েন। কেউই দ্রুত বেরনোর সুযোগ পাননি। বাইরে থেকে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালালেও, তা কাজে আসেনি। দমকম যতক্ষণে আসে, তার মধ্যে অনেকেই পুড়ে যান।
ঘটনার পর, প্রশ্নের মুখে পড়েছে কংগ্রেস শাসিত কর্নাটক প্রশাসন। প্রশ্ন উঠেছে, দোকানে আগুন লাগলেও, অগ্নি নির্বাপক ব্যবস্থা তেমন ছিল না। ঘটনার পরই এলাকা পরিদর্শনে যান রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার । তিনি জানিয়েছেন, এই ঘটনার প্রেক্ষিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কারও গাফিলতি থাকলে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়াও ঘটনায় শোকপ্রকাশ করেছেন। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে সরকারের তরফে।



