বাজারে ছয়লাপ স্টার দেওয়া ৫০০ টাকার নোট! সেগুলি কি নকল? যাবতীয় বিতর্কের মাঝে বিবৃতি জারি করল RBI

বাজারে চালু থাকা কিছু ৫০০ টাকার নোটে স্টার বা তারা (*) চিহ্ন থাকায় সেগুলি জাল কি না, তা নিয়ে সম্প্রতি জল্পনা শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এমন গুজব যে, ওই নোটগুলি জাল এবং সেগুলি লেনদেন করা যাবে না। এই জল্পনা থামাতে রিজার্ভ ব্যাঙ্ক ফের জানাল, ওই চিহ্ন দেওয়া নোটগুলি জাল নয়। বাদবাকি স্বীকৃত নোটের মতোই বৈধ।
রিজার্ভ ব্যাঙ্কের মুখপাত্র যোগেশ দয়াল বলেন, তারা চিহ্ন দেওয়া নোট নিয়ে কিছু মানুষের মধ্যে সন্দেহ তৈরি হওয়া এবং তা নিয়ে সমাজমাধ্যমে আলোচনা তাঁদেরও নজরে এসেছে। বিষয়টি ঘিরে ভুল বোঝাবুঝি কাটাতে গত জুলাইয়েই বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয়েছে, কোনও সিরিজের নোট ছাপানোর সময়ে কোনও ভুল থাকলে তা বাজারে ছাড়া হয় না। তার পরিবর্তে একই সিরিজ এবং নম্বর দেওয়া নোট ফের ছাপিয়ে বাজারে ছাড়া হয়। নতুন করে ছাপানো নোটগুলি চিহ্নিতকরণের সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করতে ‘স্টার’ দেওয়া থাকে।
তিনি আরও বলেন, ৫০০ টাকার স্টার চিহ্ন দেওয়া নোটগুলিও একই প্রক্রিয়ায় ছাপানো হয়েছে। তাই এগুলি জাল নয়। এগুলি বাদবাকি স্বীকৃত নোটের মতোই বৈধ এবং লেনদেনে কোনো সমস্যা নেই। রিজার্ভ ব্যাঙ্কের এই বক্তব্যের পর জল্পনার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।






