ম্যালেরিয়া প্রতিরোধে নয়া টিকা আবিস্কার জেএনইউ-এর বিজ্ঞানীদের
JNU scientists have discovered a new vaccine to prevent malaria

The Truth Of Bengal, Mou Basu : এখনো বহু মানুষ ভারতে আক্রান্ত হয় মশাবাহিত রোগ ম্যালেরিয়ায়। সঠিক চিকিৎসার অভাবে অনেকের মৃত্যু পর্যন্ত হয়। এই পরিস্থিতিতে অসাধ্য সাধন করলেন দিল্লির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ২ জন বিজ্ঞানী অধ্যাপক শৈলজা সিং ও অধ্যাপক আনন্দ রঙ্গনাথন। ম্যালেরিয়া প্রতিরোধে তাঁরা দুজনে মিলে নয়া টিকা তৈরি করেছেন। iScience জার্নালে প্রকাশিত হয়েছে তাঁদের গবেষণাপত্র।
২০২২ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র রিপোর্ট অনুযায়ী গোটা বিশ্বে ২৪ কোটি ৯০ লাখ মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়। মৃত্যু হয় ৬০,৮০০ জনের। মেয়ে Anopheles মশা ম্যালেরিয়ার জীবাণু বহন করে আনে।

অধ্যাপক শৈলজা আর অধ্যাপক আনন্দ, দুজনেই জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের স্পেশ্যাল সেন্টার ফর মলিক্যুলার মেডিসিনের অধ্যাপক। তাঁরা দু’জনে মিলে PHB2-Hsp70A1A নামক রিসেপ্টরকে চিহ্নিত করতে সক্ষম হন। এই রিসেপ্টর প্রোটিন মানব শরীরে ম্যালেরিয়ার সংক্রমণ ছড়ায়। প্যারাসাইট প্রোটিন PHB2 রক্তের লোহিত কণিকায় থাকা Hsp70A1A নামক প্রোটিনের সঙ্গে ম্যালেরিয়া আক্রান্ত রোগীর শরীরে বিক্রিয়া ঘটায়। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি অ্যান্টিবডি ম্যালেরিয়ার জীবাণুর বৃদ্ধি আটকাতে সক্ষম হয়েছে।







