বিনোদন

“আজ গায়ে হলুদ, কাল সঙ্গীত, খেয়ে যাবেন!” নিজের বিয়ে নিয়ে কাকে খোঁচা দিলেন ম্রুণাল?

বিয়ের পিঁড়িতে বসতে হবে বলেই তিনি কোনো বাঁধনে জড়াতে চান না

Truth of Bengal: ভ্যালেন্টাইনস ডে-তে দক্ষিণী তারকা ধনুষের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ছেন ম্রুণাল ঠাকুর— গত কয়েকদিন ধরে এমন গুঞ্জনেই উত্তাল ছিল বিনোদন দুনিয়া। অবশেষে নিজের বিয়ে নিয়ে চলা এই জল্পনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। তবে কোনো গম্ভীর বয়ান নয়, বরং পুরো বিষয়টিকেই মজার ছলে উড়িয়ে দিয়েছেন তিনি। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে হাসতে হাসতে ম্রুণাল বলেন, “আজ আমার গায়ে হলুদ, কাল সঙ্গীত! আপনারা কিন্তু কেউ না খেয়ে যাবেন না।”

আসলে ‘দো দিওয়ানে শহর মে’ ছবির প্রচারে সহ-অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে হাজির হয়েছিলেন ম্রুণাল। সেখানেই বিয়ের প্রসঙ্গ উঠলে তিনি জানান, ১৪ ফেব্রুয়ারি দিনটি তাঁর কাছে আসলে ‘এপ্রিল ফুল’ দিবসের মতো হয়ে দাঁড়িয়েছে। ম্রুণাল স্পষ্ট ভাষায় বলেন, তাঁর বিয়ের দিনক্ষণ যে ঠিক হয়েছে, সেটা খোদ তিনিই জানতেন না। মজার সুরে তিনি জানান, এমনকি তিনি তাঁর বাবাকেও বলে দিয়েছেন তাঁর জন্য পাত্র খুঁজে রাখতে!

বিয়ে নিয়ে নিজের দর্শনের কথা বলতে গিয়ে ম্রুণাল জানান, কেবল বিয়ের পিঁড়িতে বসতে হবে বলেই তিনি কোনো বাঁধনে জড়াতে চান না। তাঁর মতে, যখন সঠিক মানুষের সঙ্গে দেখা হবে এবং যাঁর সাহচর্যে নিঃশব্দেও স্বাচ্ছন্দ্য বোধ করবেন, তখনই বিয়ের কথা ভাবা উচিত। জল্পনা প্রসঙ্গে তাঁর সাফ কথা, “নিজের বিয়ের গল্প অন্য মুখে শুনে বেশ মজাই লাগছে। আমি কোনোদিন নিজের অনুভূতি লুকিয়ে রাখতে পারি না, তাই যখন সত্যিই বিয়ে করব, ঘটা করেই সবাইকে জানাব।”

বর্তমানে ম্রুণাল তাঁর আগামী ছবি ‘দো দিওয়ানে শহর মে’-র মুক্তি নিয়ে ব্যস্ত, যা ২০ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসতে চলেছে। তাই বিয়ের সানাই নয়, আপাতত সিনেমার প্রচারেই তাঁর পুরো মনোযোগ।

Related Articles