বাস্তব জীবনে তিনি মোটেও দীপার মত নন, জানালেন ‘অনুরাগের ছোঁয়া’ খ্যাত অভিনেত্রী স্বস্তিকা

বাংলা টেলিভিশনের জনপ্রিয় নায়িকা স্বস্তিকা ঘোষ। ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। এই ধারাবাহিকে তার অভিনয় প্রশংসিত হয়েছে।
ধারাবাহিকের গল্পে দেখা যাচ্ছে, সূর্য-দীপার বিচ্ছেদ হয়েছে। মিশকার ষড়যন্ত্রে সূর্য দীপার সাথে ডিভোর্স দিয়েছে। এই পরিস্থিতিতে দীপা সিদ্ধান্ত নিয়েছে, সে এখন থেকে শুধু নিজের কথা ভাববে। তাই সোনা-রুপার জন্মদিনে সবার সামনে সে অর্জুনের হাত ধরেছে।
দীপার মতো বাস্তব জীবনে যদি এমন পরিস্থিতি আসে তাহলে তিনি কি করবেন?স্বস্তিকা বলেন, “আমি একদম কারোর সামনে কাঁদতে পারি না। হয়তো একা থাকার সময়ে আমার মধ্যে অনুভূতিগুলির আউটরেজ হবে। কিন্তু সকলের সামনে হাউমাউ করে কাঁদতে পারিনা। আমি ওরকমটা নই। এমনি প্রাণোচ্ছ্বল আমি।”
তিনি আরও বলেন, “দীপা যেভাবে কষ্ট সহ্য করে যাচ্ছে, সেভাবে আমি পারব না। আমি হয়তো একা থাকতে চাইব। আমার পরিস্থিতি বোঝার জন্য কাছের মানুষদের সাথে কথা বলব। আমি সবসময় চেষ্টা করবো পরিস্থিতি সামলে নিতে।”






