আশা করি রুমি চরিত্রটিও মিঠাইয়ের মতো জনপ্রিয় হবে! জানালেন সৌমিতৃষা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর নতুন পরিচয় রুমি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি “প্রধান”-এ দীপক প্রধানের স্ত্রীর চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করেছে।
ছবিতে রুমির চরিত্রে অভিনয় করে সৌমিতৃষা বেশ প্রশংসিত হয়েছেন। তিনি বলেন, “ছোট পর্দায় দর্শক আমাকে ভালোবাসে। কিন্তু বড় পর্দার দর্শক আমাকে কতটা গ্রহণ করবে সেই নিয়ে ভয় ছিল। কিন্তু এখন দেখছি সকলের থেকেই খুব ভালো ফিডব্যাক পাচ্ছি।”
সৌমিতৃষা বলেন, “প্রধান আমার প্রথম ছবি। এই ছবিতে কাজ করে আমি ভীষণ সন্তুষ্ট। আমি যে দুটো হাউজ পেলাম, যে পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পেলাম, এত ভালো কো-আর্টিস্ট, আর আমার চরিত্রটা তো এতই সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যে সব মিলিয়ে আমি খুব খুশি।”
সৌমিতৃষার কথায়, “আসলে মিঠাই টু রুমির জার্নির এই সাফল্য পুরোটাই দর্শকের ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে। আমার তো মনে হয় এক্ষেত্রে আমার কোনও কৃতিত্ব নেই। দর্শক ভালোবেসেছে বলেই মিঠাই সাকসেস। আর মিঠাই হয়েছিল বলেই আজ বড় পর্দায় কাজের জন্য ডাক পেয়েছি। আর সেই জন্যই এখানেও দর্শকের এত ভালোবাসা পাচ্ছি।”






