সম্পাদকীয়

বড় ইচ্ছার পথে ক্ষুদ্র ইচ্ছার ত্যাগ– জীবনের বাস্তব পাঠ

Sacrificing small desires for the sake of big desires – a real lesson in life

রিয়া পুরকাইত: মানুষের জীবন এক দীর্ঘ অভিযাত্রা, যেখানে প্রতিটি পদক্ষেপে আমরা স্বপ্ন দেখি, লক্ষ্য স্থির করি এবং সেই লক্ষ্যে পৌঁছনোর জন্য নানা রকম সিদ্ধান্ত নিই। এই সিদ্ধান্তের পথেই জন্ম নেয় ত্যাগের গল্প। অনেক সময়, একটি বড় ইচ্ছে বা স্বপ্ন পূরণের জন্য আমাদের বহু ক্ষুদ্র ইচ্ছা বিসর্জন দিতে হয়। এই সত্যটাই জীবনের কঠিন কিন্তু প্রয়োজনীয় শিক্ষা।

একজন ছাত্র যখন আইএএস অফিসার হওয়ার স্বপ্ন দেখে, তখন তাকে সিনেমা দেখা থেকে শুরু করে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, সামাজিক উৎসব উদযাপন সংক্রান্ত বহু দৈনন্দিন আনন্দ ত্যাগ করতে হয়। কারণ তার সামনে রয়েছে একটি বৃহৎ লক্ষ্য। এই লক্ষ্য অর্জনের জন্যই সে ক্ষুদ্র ইচ্ছাগুলো ত্যাগ করে।

ঠিক এভাবেই, একজন ক্রীড়াবিদ যখন অলিম্পিকে সোনা জয়ের স্বপ্ন দেখেন, তখন তার দৈনন্দিন জীবন কঠোর নিয়মে বাঁধা পড়ে। বন্ধুদের সঙ্গে খাওয়া-দাওয়া, ভ্রমণ বা ঘুমের আরাম-– সব কিছুর উপর কঠোর নিয়ন্ত্রণ চলে আসে। কারণ তার কাছে বড় স্বপ্নটাই প্রাধান্য পায়।

এই ত্যাগ শুধুই বাহ্যিক নয়, অনেক সময় মানসিকও। আমরা হয়তো কখন‌ও কখনও কোনও সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নিই, নিজের আবেগকে দমন করি, এমনকী একান্ত পছন্দের কিছু জিনিস থেকেও নিজেকে সরিয়ে নিই, শুধুমাত্র ভবিষ্যতে নিজেকে ভাল রাখতে বর্তমানের প্রিয় মানুষকে ত্যাগ করি।

তবে প্রশ্ন থেকে যায়- এই ত্যাগ কি সব সময় সার্থক হয়? উত্তর-– না। কিন্তু এই ত্যাগের ভিতর দিয়েই আমরা নিজের সত্যিকার ইচ্ছা ও প্রতিজ্ঞাকে যাচাই করি। যদি কোনও বড় লক্ষ্য আমাদের কাছে সত্যিই গুরুত্বপূর্ণ হয়, তা হলে তা অর্জনের জন্য ছোট ত্যাগগুলি কেবল কষ্ট নয়, হয়ে ওঠে অনুপ্রেরণা।

আজকের সমাজে যেখানে তাত্ক্ষণিক আনন্দ, স্বল্পমেয়াদি তৃপ্তি অনেক বেশি গুরুত্ব পাচ্ছে, সেখানে এই বার্তাটা অত্যন্ত প্রাসঙ্গিক- কিছু বড় ইচ্ছার জন্য আমাদের অনেক ক্ষুদ্র ইচ্ছা বিসর্জন দিতেই হয়। এই ত্যাগই আমাদের স্বপ্নকে পরিণত করে, আর লক্ষ্যকে রূপ দেয় বাস্তবতায়।

বড় ইচ্ছাগুলো যেমন আমাদের স্বপ্নকে অর্থবহ করে তোলে, তেমনই ছোট ছোট ইচ্ছের ত্যাগ আমাদের চরিত্রকে দৃঢ়তা দেয়। এই দুইয়ের মিলনেই আমরা আমাদের স্বপ্নের উড়ানে পাড়ি দিতে পারি।

Related Articles