২৩ বছর পর আবারও বড়পর্দায় মাধবন ও দিয়া জুটি, পুনরায় মুক্তি পাচ্ছে ‘রেহনা হ্যায় তেরে দিল মে’
Rehna Hai Tere Dil Mein is re-released after 23 years with Madhavan and Dia again on the big screen.

Truth Of Bengal: ফের বড়পর্দায় দেখা যাবে হিট জুটি আর মাধবন ও দিয়া মির্জার রোম্যান্স। ২০০১ সালে বড়পর্দায় মুক্তি পায় আর মাধবন ও দিয়া মির্জার ক্লাসিক রোমান্টিক ছবি ‘রেহনা হ্যায় তেরে দিল মে’। ছবিতে মুখ্য চরিত্রে মাধবন ও দিয়ার প্রেমকাহিনী ছেলেমেয়েদের মনে দারুণভাবে জায়গা করে নেয়। তাঁদের দুজনের কেমিস্ট্রি আজও ভুলতে পারেনি কেউই। সেই ছবির ২৩ বছর পূর্ণ হল এবং সেই উপলক্ষে আরও একবার বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘রেহনা হ্যায় তেরে দিল মে’। সেই খবর শুনে বেশ খুশি সিনে প্রেমীরাও।
বিগত বেশ কয়েকবছর ধরে বলিউডে হিট ছবির ভাটা পড়তে দেখা যায়। তারপর থেকেই নতুন এক পন্থা ধারণ করে। বিভিন্ন সময়ের যুগান্তকারী হিট হিন্দি ছবিগুলিকে পুনরায় প্রেক্ষাগৃহে রিলিজ করা হয়। এখন সেই ট্রেন্ডই ছেয়ে গেছে গোটা বলিউড জুড়ে। তাতে বেস ভালো সাড়াও মিলছে। কোথাও কোথাও দেখা গিয়েছে কোনও কোনও ছবি বক্স অফিসে প্রথমবারের তুলনায় দ্বিতীয়বার বেশি আয় করেছে। সেই ট্রেন্ড বজায় রেখে এবার দিয়া ও মাধবনের সেই নিরন্তর প্রেমকাহিনী আরও একবার দর্শকদের বড়পর্দায় দেখার সুযোগ করে দিচ্ছেন নির্মাতারা। ছবির জারা জারা ও সাচ ক্যাহতা হ্যায় দিওয়ানা গানটি আজও সকলের মনের মনিকোঠায় গেঁথে রয়েছে।
প্রেক্ষাগৃহে পুনরায় এই ছবি মুক্তি পাচ্ছে শুক্রবার অর্থাত্ ৩০ অগাস্ট ২০২৪। ছবিটি পুনরায় মুক্তির কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে প্রযোজনা সংস্থা পূজা এন্টারটেনমেন্ট। ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘২৩ বছর পর, ভালবাসা ফের প্রেক্ষাগৃহের রাস্তা খুঁজে পেয়েছে। নিরন্তর রোম্যান্সের জাদু ফের উপভোগ করুন ‘রহেনা হ্যায় তেরে দিল মে’র সঙ্গে। প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পাচ্ছে এই শুক্রবার ৩০ অগাস্ট ২০২৪! আপনারা উত্তেজিত?’ ইতিমধ্যেই উচ্ছ্বসিত হয়ে পোস্টের নীচে কমেন্টে ভরিয়ে দিয়েছেন অনুগামীরা। সেখানে এক ভক্ত লিখেছেন ‘ধন্যবাদ আমাদের অনুরোধ রাখার জন্য।’ অন্য আর একজন লেখেন, ‘আমার ইচ্ছাপ্রকাশ সবচেয়ে দৃঢ় ছিল।’ আরও একজন লেখেন, ‘আমি আশা করছি পাঞ্জাবের পাঠানকোটের পিভিআরেও শো থাকবে।’






