যশোরে পথ দুর্ঘটনার বলি এক মোটরসাইকেল আরোহী

The Truth Of Bengal: যশোরের মনিরামপুর উপজেলায় এবার ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। ঘটনাটি শনিবার রাতের। জানা গেছে, রাস্তার পাশে থাকা একটি পিলারে সজোরে ধাক্কা মারে ওই চালক। আর এর ফলেই ঘটনাস্থলে প্রাণ যায় তার।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, নিহত তরুণের নাম শরিফুল ইসলাম ওরফে রকি। ১৯ বছর বয়সী ওই তরুণের বাড়ি মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রামে। মর্মান্তিক এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবারের মানুষজনের প্রতিক্রিয়া, শরিফুল নতুন মোটরসাইকেল চালানো শিখেছেন। শনিবার রাত ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে তিনি যশোর-চুকনগর আঞ্চলিক মহাসড়ক দিয়ে মনিরামপুরের দিকে ঘুরতে যান।
এরপর সেখান থেকে তিনি আটমাইল এলাকায় ফিরছিলেন। রাত পৌনে ১২টার দিকে আটমাইল এলাকার মোড়ের কাছে তাঁর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি কংক্রিটের পিলারে ধাক্কা খায়। আর তারপরেই ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। পরবর্তীতে পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্যও পাঠিয়েছে। তরুণের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।






