
The Truth Of Bengal : পরিচালক অরিন্দম শীলের পরিচালনায় মিতিনমাসি ছবির শ্যুটিংয়ে বর্তমানে ব্যস্ত টলিউড অভিনেতা কোয়েল মল্লিক। সেই ছবির শ্যুটিংয়েই অ্যাকশন দৃশ্য করতে গিয়ে রবিবার গুরুতর চোট পেলেন কোয়েল মল্লিক। রবিবার নেপালগঞ্জে শ্যুটিং করছিলেন তিনি। আর তখনই আসে বিপত্তি। ছবিতে প্রচুর অ্যাকশনস্টান্ট করতে হচ্ছে তাঁকে। এদিন বলিউডের ফাইটমাস্টার রদরিগেজের তত্ত্বাবধানে সেরকমই একটি অ্যাকশন সিক্যুয়েন্সের শ্যুট করতে গিয়ে দু-বার আঘাত পান কোয়েল। অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে ডান হাতে গুরুতর চোট লাগে তাঁর।
শুটিংয়ের মাঝে দ্রুত তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হাতের এক্স রে করার পরে হাতে ফ্র্যাকচার ধরা পড়ে অভিনেত্রীর। শেষপর্যন্ত ডান হাতে প্লাস্টার করার পর তাঁকে ছেড়ে দেন চিকিত্সকরা। এই ঘটনায় আপাতত এখন মিতিনমাসির শ্যুটিং বন্ধ। বিশ্রামেই রয়েছেন নায়িকা।






