কেরিয়ারে নতুন ইনিংস শুরু করতে চলেছেন বোমান ইরানি
Boman Irani is about to start a new innings in his career

The Truth of Bengal: কেরিয়ারে নতুন ইনিংস শুরু করতে চলেছেন বোমান ইরানি। দীর্ঘদিন একচেটিয়া অভিনয় করার পর এবার পরিচালকের আসনে বসতে চলেছেন তিনি। বোমান যে এবার পরিচালক হবেন এই খবর বেশ কিছুদিন ধরে বলিউডের অন্দরমহলে ভাসছিল। মঙ্গলবার সেই খবরে সিলমোহর দেওয়া হল। বরুণ ধাওয়ানের সঞ্চালনায় ঘটা করে নিজের পরিচালনায় প্রথম ছবির নাম ঘোষণা করলেন বোমান ইরানি।
ছবির নাম দ্য মেহতা বয়েজ়’। তবে ছবি রিলিজের ক্ষেত্রে বড়পর্দার বদলে ওয়েব মাধ্যমকে বেছে নিয়েছেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা। ছবিতে পরিচালনার পাশাপাশি অভিনয়ও করতে দেখা যাবে থ্রি ইডিয়টস-এর ভাইরাসকে। পরিচালক বোমানের ছবিতে রয়েছে একাধিক চমক। বোমানের সঙ্গেই এই ছবির চিত্রনাট্য লিখেছেন অক্সারজয়ী চিত্রনাট্যকার অ্যালেক্স ডিনেলারিস।
‘দ্য মেহতা বয়েজ়’ ছবিতে বোমান ছাড়াও রয়েছেন অবিনাশ তিওয়ারি ও শ্রেয়া চৌধুরি। প্রথম পরিচালনা প্রসঙ্গে বোমান বলেন, ‘‘অনেক বছর আগে এই ছবির গল্পটা এক জন প্রযোজককে শুনিয়েছিলাম। কিন্তু চিত্রনাট্য লেখা ও পরিচালনা করা যে কঠিন কাজ, এখন বুঝতে পারছি। এখন বুঝতে পারছি, একটা ছবি তৈরি করা কত কঠিন।’’পিতা-পুত্র সম্পর্কের গল্প বলবে ‘দ্য মেহতা বয়েজ়’। ৪৮ ঘণ্টা তাদের একসঙ্গে কাটানোর বিভিন্ন মুহূর্ত ছবিতে তুলে ধরা হয়েছে।






