
The Truth of Bengal: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও মাঠে নামতে হলো নিউজিল্যান্ডের পেসার নিল ওয়াগনারকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের একাদশে তিনি থাকবেন না—নির্বাচকেরা তাঁকে এ কথা জানানোর পর অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই বার্তা পাওয়ার পরেও তাকে মাঠে নামতে হলো যা এর আগে ক্রিকেট বিশ্বে দেখা গেছে বলে মনে পড়ে না ক্রিকেটপ্রেমীদের। এর আগে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিডের সঙ্গে আলোচনার পরই সাংবাদিক সম্মেলনে অবসরের সিদ্ধান্ত জানিয়েছিলেন ওয়াগনার।
কোচের সঙ্গে আলোচনার পরই ৩৭ বছর বয়সী পেসার নিশ্চিত হন, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের একাদশে থাকছেন না। সব কিছু চূড়ান্ত হলেও কোচ ও দলের সতীর্থদের আনুরোধে ফিরে এলেন তিনি। ওয়াগনার মাঠে নামতেই তাকে স্বাগত জানান ক্রিকেট প্রেমীরা। এই তারকা ক্রিকেটার নিউজিল্যান্ডের হয়ে ৬৪টি টেস্ট খেলেছেন ।কেরিয়ারে মাত্র ২৭.২৭ গড় ও ৫২.৭ স্ট্রাইক রেটে ২৬০ উইকেট নিয়েছেন তিনি।
১০০ উইকেট নেওয়া কিউই বোলারদের মধ্যে শুধু স্যার রিচার্ড হ্যাডলিরই তাঁর চেয়ে ভালো স্ট্রাইক রেট ছিল। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও প্রথম শ্রেণির ক্রিকেট চালিয়ে যাবেন বলেই ঘোষণা করেছিলেন ওয়াগনার। নিউজিল্যান্ড দলে তার ভূমিকা খুব গুরুত্বপূর্ণ । এই দলকে টেস্টের ১ নম্বর দল বানাতে ও ২০২১ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা ছিল ওয়াগনারের। যদিও সাম্প্রতিক সময়ে দলে অনিয়মিত হয়ে পড়েছিলেন। নিউজিল্যান্ডের সর্বশেষ ১৭ টেস্টের ৭টিতে একাদশে রাখা হয়নি তাঁকে।






