
The Truth of Bengal: বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছিলেন। মাথায় চোট লাগায় বুধবার সন্ধ্যায় রাজভবনের সামনে দৃশ্যতই বিধস্ত দেখাচ্ছিল। পরদিন বৃহস্পতিবার সেই মুখ্যমন্ত্রীকে অন্যরকম মেজাজে দেখা গেল। মাথায় যেখানে চোট লেগেছিল, সেই জায়গায় ব্যান্ডেড বাঁধা অবস্থায় হাতে তুলে নিলেন ব্যাট। মন্ত্রী অরূপ বিশ্বাসের ছোড়া বলে ব্যাট চালালেন মুখ্যমন্ত্রী। খেলাশ্রী প্রকল্পে পুরস্কার প্রদানের আগে এদিন অন্য রূপে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে ব্যাট ছাড়াও হাতে তুলে নিলেন ফুটবল ও হকিস্টিক।
রাজ্যের ক্রীড়া ব্যক্তিত্বদের বৃহস্পতিবার ‘খেলাশ্রী’ পুরস্কার দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর্থিক পুরস্কার ও সম্মান জ্ঞাপনের পাশাপাশি প্রাক্তন বিশিষ্ট ক্রীড়াবিদদের মাসিক সাম্মানিক প্রদান করা হয়। সবাইকে পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী স্বয়ং। কর্মসূচি শুরুর আগে প্রেক্ষাগৃহে কিছুক্ষণ নিজে খেলেন মমতা। প্রথমে দেখা যায় ফুটবল হাতে নিয়ে ঘুরতে। পরে হাতে তুলে নেন ব্যাট। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই খেলাধুলোর ব্যাপারে উৎসাহ দেখিয়েছেন। খেলোয়াড়রা তার কাছে আলাদা গুরুত্ব পান। এদিন রাজ্যের কৃতী ক্রীড়াবিদদের একমঞ্চে এনে পুরস্কৃত করে সেই কথা আবারও একবার প্রমাণ করলেন মুখ্যমন্ত্রী। শুরু তাই নয়, ক্রীড়াবিদরা যদি চাকরি করতে উৎসাহী হন তা হলে তাদের চাকরি দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
রাজ্যের ক্রীড়াবিদদের কাছে আরও সম্মান আনার আবদার করেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে তিনি জানান, মাথা উঁচু করে খেলতে হবে। জিততে হবে। বাংলাকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে হবে। সম্মান পাওয়া খেলোয়াড়দের মধ্যে ২০২৩ সালে ১৯তম এশিয়ান গেমসে সোনা, রূপো, ব্রোঞ্জ মেডেল জয়ীরা আছেন৷ এছাড়া ২০২২ সালে ৩৬তম ন্যাশনাল গেমস, ২০২৩ সালের ৩৭তম ন্যাশনাল গেমস, ২০২২ ও ২০২৩ সালের ন্যাশনাল প্যারা চ্যাম্পিয়নশিপে পদকজয়ীদেরও খেলাশ্রী পুরস্কার দিল রাজ্য সরকার৷ বিভিন্ন খেলার কৃতীদের উপস্থিতিতে এদিন কার্যত চাঁদের হাট বসে ধনধান্য অডিটোরিয়ামে।






