রাজ্যের খবর

ট্রেনে দরজার সামনে ভিড় বা রুমাল রেখে আসন দখল? ধরা পড়লেই জরিমানা

অভিযান চলাকালীন পুলিশ আধিকারিক ও কর্মীরা মাইকের মাধ্যমে এক কামরা থেকে অন্য কামরায় গিয়ে যাত্রীদের সতর্ক করেন।

গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা: লোকাল ট্রেনে যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বজায় রাখতে যৌথভাবে অভিযানে নামল বারুইপুর জিআরপি ও আরপিএফ। ট্রেনের দরজার সামনে অযথা ভিড় করে দাঁড়িয়ে থাকা, দরজা আটকে যাতায়াতে বাধা সৃষ্টি করা এবং কামরার মধ্যে ব্যাগ, রুমাল বা অন্যান্য সামগ্রী রেখে বেআইনিভাবে আসন দখলের প্রবণতা রুখতেই এই বিশেষ উদ্যোগ।

অভিযান চলাকালীন পুলিশ আধিকারিক ও কর্মীরা মাইকের মাধ্যমে এক কামরা থেকে অন্য কামরায় গিয়ে যাত্রীদের সতর্ক করেন। পাশাপাশি ট্রেনে যাতায়াতের সময় মোবাইল ফোন, ব্যাগ ও অন্যান্য দামি জিনিসপত্র নিজেদের হেফাজতে রাখার পরামর্শ দেওয়া হয়। যাত্রীদের সচেতন ও সতর্ক থাকতেও অনুরোধ জানানো হয়।

জিআরপি ও আরপিএফ সূত্রে জানা গিয়েছে, এই অভিযান শুধু বারুইপুর স্টেশনেই সীমাবদ্ধ থাকবে না। বারুইপুর থেকে নামখানা স্টেশন পর্যন্ত লাগাতার নজরদারি ও অভিযান চলবে। পাশাপাশি ডায়মন্ড হারবার শাখার কল্যাণপুর স্টেশন পর্যন্তও এই অভিযান চালানো হবে। যাত্রীদের কাছ থেকে কোনও অভিযোগ এলেই সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আধিকারিকরা।

এদিন আধিকারিকরা স্পষ্টভাবে জানিয়ে দেন, ভেন্ডার কামরায় সাধারণ যাত্রী উঠলে, ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে দরজা আটকে রাখলে, মহিলা কামরায় পুরুষ যাত্রী উঠলে কিংবা সিনিয়র সিটিজেনদের জন্য নির্দিষ্ট আসনে সাধারণ যাত্রী বসলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আর্থিক জরিমানা-সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।

রেলযাত্রায় শৃঙ্খলা বজায় রাখা, যাত্রীদের হয়রানি কমানো এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই জিআরপি ও আরপিএফের এই যৌথ উদ্যোগ। আগামী দিনেও নিয়মিতভাবে এই ধরনের অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে।

Related Articles