১ ডিসেম্বর থেকে ‘সেবাদূত’ কর্মসূচি, বিধায়ক-সাংসদদের জন্য বিশেষ নির্দেশ শমীকের
এদিনের বৈঠকে মূলত ‘সেবাদূত’ কর্মসূচির পরিকল্পনা চূড়ান্ত হয়েছে।
Truth of Bengal: বিজেপির অন্দরে শৃঙ্খলা ফেরাতে ফের কড়া বার্তা দিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শনিবার কলকাতা জেলা সংগঠনের বৈঠকে তোলাবাজি, টাকা আদায় এবং ক্ষমতার অপব্যবহার নিয়ে দলের বিধায়কদের সতর্ক করেন তিনি। তাঁর স্পষ্ট বার্তা, অনৈতিক কাজে যুক্ত থাকলে কাউকেই রেয়াত করবে না দল।
বৈঠকে শমীক অভিযোগ করেন, কিছু বিধায়ক এলাকায় নিজেদের গোষ্ঠী তৈরি করে কাউন্সিলর, কো-অর্ডিনেটর কিংবা মেয়রের মতো পদ বিলি করছেন বলে খবর আসছে। এই ধরনের কার্যকলাপ বরদাস্ত করা হবে না। তোলাবাজি ও টাকা আদায়কে সামাজিক ব্যাধি উল্লেখ করে তিনি জানান, দলের প্রত্যেকের কাজকর্মের উপর নজর রাখা হচ্ছে।
এদিনের বৈঠকে মূলত ‘সেবাদূত’ কর্মসূচির পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। ১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ব্লক, শক্তিকেন্দ্র ও মণ্ডল স্তরে পৌঁছে মানুষের সঙ্গে জনসংযোগ করবেন বিজেপির কর্মী ও পদাধিকারীরা। সাধারণ মানুষের সুবিধা-অসুবিধার কথা শোনার পাশাপাশি সাংগঠনিক পরিস্থিতিও খতিয়ে দেখবেন তাঁরা। বিধায়ক ও সাংসদদের নিজের কেন্দ্রের বাইরে অন্য এলাকায় গিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে সংসদের বিশেষ অধিবেশন এবং বিধানসভা অধিবেশনের কারণে সাংসদ ও বিধায়কদের কর্মসূচিতে কিছুটা ছাড় থাকবে। ২৫ ডিসেম্বর অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন তথা সুশাসন দিবসে কর্মসূচির সমাপ্তি হবে। এরপর রাজ্য দপ্তরে জমা পড়বে কাজের রিপোর্ট। বিভিন্ন শাখা সংগঠনের কাজও পর্যালোচনা করা হবে।






