দেশ

বিশেষ অধিবেশনে অনুপস্থিতি চলবে না! সাংসদদের জন্য হুইপ জারি অভিষেকের

শনিবার জারি করা নির্দেশে বলা হয়েছে, ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত লোকসভার অধিবেশনে দলের সমস্ত সাংসদকে উপস্থিত থাকতে হবে।

Truth of Bengal: সংসদের বিশেষ অধিবেশন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল নিয়ে আগামী সপ্তাহে তিন দিনের বিশেষ অধিবেশন বসতে চলেছে। এই পরিস্থিতিতে দলের সাংসদদের একজোট রাখতে তিন লাইনের হুইপ জারি করলেন লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শনিবার জারি করা নির্দেশে বলা হয়েছে, ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত লোকসভার অধিবেশনে দলের সমস্ত সাংসদকে উপস্থিত থাকতে হবে। কোনও কারণেই অনুপস্থিত থাকা চলবে না। বিশেষ অধিবেশনের দিনগুলিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে দলীয় অবস্থান মেনে সংসদে হাজির থাকার নির্দেশ দিয়েছেন অভিষেক।

উল্লেখযোগ্যভাবে, তৃণমূল ছেড়ে বেরিয়ে যাওয়া ২০ জন সাংসদ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা আট সাংসদ—সব মিলিয়ে ২৮ জনকেই নিজেদের সাংসদ হিসেবে বিবেচনা করছে কালীঘাট শিবির। এনসিপিআই এখনও আলাদা দল হিসেবে স্বীকৃতি না পাওয়ায় সংশ্লিষ্ট সাংসদদের ক্ষেত্রেও এই হুইপ কার্যকর হতে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পর শতাব্দী রায় জানিয়েছেন, তিনি মহিলা সংরক্ষণ বিলকে সমর্থন করবেন। ফলে বিশেষ অধিবেশনে কোন সাংসদ কোন অবস্থান নেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। অভিষেকের হুইপের পালটা এনসিপিআইও নিজেদের সাংসদদের জন্য পৃথক নির্দেশ জারি করতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Related Articles