দু’টি পরীক্ষাগারেই ফেল! বাংলাতেও বড়সড় বিপাকে বিসলেরি
তেলিপাড়ার কারখানা থেকে সংগ্রহ করা জলের নমুনা প্রাথমিক পরীক্ষাগার এবং রেফারেল ফুড ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল।
Truth of Bengal: বাংলাতেও বড়সড় বিপাকে পানীয় জল প্রস্তুতকারী সংস্থা বিসলেরি। জলপাইগুড়ির তেলিপাড়া গ্রামের কারখানা থেকে সংগ্রহ করা জলের নমুনায় মিলেছে কলিফর্ম ব্যাকটেরিয়া। দু’টি পরীক্ষাগারেই এই জীবাণুর উপস্থিতি ধরা পড়েছে। এই ঘটনায় সংস্থার বিরুদ্ধে মামলা শুরুর অনুমোদন দিয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই)।
তেলিপাড়ার কারখানা থেকে সংগ্রহ করা জলের নমুনা প্রাথমিক পরীক্ষাগার এবং রেফারেল ফুড ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল। দু’টি পরীক্ষাতেই জলে কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি ধরা পড়ে। অনুমান, পাইপ ফেটে নর্দমার জল পানীয় জলের সঙ্গে মিশে যাওয়ার কারণেই এই দূষণ। সংশ্লিষ্ট জলটি ‘পিবি ২০১’ ব্যাচের। পরীক্ষার রিপোর্ট সামনে আসার পর ওই ব্যাচের জল বিক্রি বন্ধ করা হয়েছে। সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি দিয়েছে এফএসএসএআই। যদিও এ বিষয়ে বিসলেরি কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
এর আগেও বিসলেরির জলের গুণমান নিয়ে প্রশ্ন উঠেছিল। সংস্থার একটি ইউনিট থেকে সংগ্রহ করা নমুনায় নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ব্রোমেট পাওয়া যায়। পরে ফের পরীক্ষায় পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন বা পিএএইচ-এর উপস্থিতিও ধরা পড়ে। দুই ক্ষেত্রেই জলকে ‘নিরাপদ নয়’ বলে ঘোষণা করেছিল এফএসএসএআই। এবার জলপাইগুড়ির কারখানার নমুনায় ব্যাকটেরিয়া মেলায় সংস্থার আইনি জটিলতা আরও বাড়ল।






