রাজ্যের খবর

রাজ্যে আরও ৪ মেডিক্যাল কলেজ, সস্তায় ক্যানসারের ওষুধ ‘অমৃত মেডিসিন সেন্টার’ থেকে: মুখ্যমন্ত্রী

“বাংলার মানুষ আর ভেলোরে যাবেন না, সেরা চিকিৎসা পাবেন বাংলাতেই!” অন্ডালে ৫০০ শয্যার ক্যানসার হাসপাতালের শিলান্যাসে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Truth of Bengal: রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আমূল বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার পশ্চিম বর্ধমানের অন্ডালে একটি ৫০০ শয্যার বেসরকারি ক্যানসার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি ঘোষণা করেন, বাংলায় আরও ৪টি নতুন মেডিক্যাল কলেজ গড়ে তোলা হবে এবং ইতিমধ্যেই এর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি, ক্যানসার-সহ দুরারোগ্য ব্যাধির ব্যয়বহুল ওষুধ সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে রাজ্যের সমস্ত হাসপাতালে ‘অমৃত মেডিসিন সেন্টার’ খোলার বড় ঘোষণাও করেন তিনি।

এদিন অন্ডালের মঞ্চ থেকে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, পালাবদলের পর থেকেই আমজনতাকে স্বল্প খরচে উন্নত চিকিৎসা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। ইতিমধ্যেই নিউটাউনে আদানি গোষ্ঠীর তৈরি হাসপাতালে দরিদ্র রোগীদের জন্য বিনামূল্যে ১,০০০ শয্যা সংরক্ষিত রাখা হচ্ছে। স্বাস্থ্যবিমার প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী বলেন, “রাজ্যের সাড়ে ৮ কোটি মানুষকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা দেওয়া হচ্ছে। এর মধ্যে সাড়ে ৬ কোটি মানুষ আয়ুষ্মান ভারতের আওতায় রয়েছেন এবং বাকিদের জন্য মুখ্যমন্ত্রী হেলথ স্কিম চালু করা হয়েছে।” নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের কথা ভেবেই অমৃত মেডিসিন সেন্টার থেকে সস্তায় জীবনদায়ী ওষুধ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বক্তব্যের মাঝেই পূর্বতন তৃণমূল সরকারকে তীব্র নিশানা করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, “আগের সরকার রোগীদের তিনবেলার খাবারের জন্য মাত্র ৫৬ টাকা ৪০ পয়সা বরাদ্দ দিত। বিধায়ক, মন্ত্রী ও সাংসদদের বেতন বাড়লেও হাসপাতালের খাবারের বরাদ্দ বাড়ানো হয়নি। আমরা দায়িত্বে এসেই সেই বরাদ্দ বাড়িয়ে ১১০ টাকা করেছি।” এছাড়া রাজ্যের সব হাসপাতালে হৃদরোগীদের চিকিৎসার জন্য বিশেষ পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলার বাসিন্দাদের চিকিৎসার প্রয়োজনে ভিনরাজ্যে ছুটে যাওয়ার প্রবণতা নিয়ে আক্ষেপ প্রকাশ করে শুভেন্দু বলেন, “ভিন দেশের নাগরিকরা চিকিৎসা করাতে বাংলায় আসেন, অথচ বাংলার মানুষকে ভেলোরে যেতে হয়। এই ছবিটা বদলাতে হবে।” বাংলার মানুষ যাতে নিজের রাজ্যেই দেশের সেরা চিকিৎসা পরিষেবা পান, সেই আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

Related Articles