আন্তর্জাতিক

পাকিস্তানে গিয়ে একাত্তরের যুদ্ধে ভারতের ভূমিকা অস্বীকার বাংলাদেশি স্পিকারের!

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সুরে সুর মেলালেন বাংলাদেশি স্পিকার! শেখ হাসিনাকে না ফেরালে আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুঁশিয়ারি

Truth of Bengal: পাকিস্তান সফরে গিয়ে এবার সরাসরি ভারতের বিরুদ্ধে মুখ খুললেন বাংলাদেশের সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে ভারতের দাঁড়ানোর ঐতিহাসিক ভূমিকা অস্বীকার করে তাঁর দাবি, ১৯৭১ সালের যুদ্ধে বাংলাদেশকে সাহায্য করেনি নয়াদিল্লি, বরং পাকিস্তানকে দুর্বল করার উদ্দেশ্যেই কাজ করেছিল ভারত। ইসলামাবাদে গিয়ে পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ এবং প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সঙ্গে বৈঠকের পর পার্লামেন্ট পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিতর্কিত মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের জল্পনা এবং বাংলাদেশে আওয়ামী লিগের কর্মী-সমর্থকদের ধরপাকড়ের আবহে ঢাকার সঙ্গে ইসলামাবাদের কূটনৈতিক ঘনিষ্ঠতা ক্রমশ বাড়ছে। বিবিসি উর্দুর প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান সফরে গিয়ে হাফিজউদ্দিন দাবি করেন, “গত ১৫ বছরে বাংলাদেশ একটি প্রতিবেশী দেশের উপনিবেশে পরিণত হয়েছে, যা সাধারণ মানুষের কাছে খুবই দুর্ভোগের।” উল্লেখ্য, এককালে পাকিস্তানি সেনার ক্যাপ্টেন থাকা হাফিজউদ্দিন পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধে যোগ দিয়ে সামরিক সম্মান পেয়েছিলেন, অথচ এখন পাকিস্তানের মাটিতে দাঁড়িয়েই ভারতের বিরুদ্ধে সুর চড়ালেন।

এমনকি ভারতের অভ্যন্তরীণ বিষয় কাশ্মীর প্রসঙ্গেও পাকিস্তানের দাবিকে সমর্থন জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রপুঞ্জের প্রস্তাব অনুযায়ী কাশ্মীর সমস্যার সমাধান হওয়া উচিত। অন্যদিকে, আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ঘোষণাকে কটাক্ষ করে স্পিকারের দাবি, “নিজের কর্মীদের উজ্জীবিত করতেই তিনি ফিরে আসার ঘোষণা করেছেন। আগামী ১০ বছরের মধ্যে তিনি বাংলাদেশে ফিরবেন না।” পাশাপাশি ভারত হাসিনাকে প্রত্যর্পণ না করলে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

প্রসঙ্গত, ২০২৪ সালের অগস্টে সরকারের পতনের পর থেকে ভারতে সাময়িক আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। বৃহস্পতিবারও বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির হাসিনাকে দিল্লি-ঢাকা সম্পর্কের ক্ষেত্রে একটি ‘সমস্যা’ বলে দাবি করেছেন। তবে বুধবারই ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা এবং ঢাকার প্রত্যর্পণের অনুরোধ সম্পূর্ণ আলাদা বিষয়, এবং প্রত্যর্পণের অনুরোধের আইনি দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles