রাজ্যের খবর

বাংলার রাস্তাতেও নামুক যুদ্ধবিমান! গড়করির কাছে বড় আবদার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

চিন সীমান্ত ও ‘চিকেন নেক’-এ কড়া নজর! শিলিগুড়িতে ১১৬ কিমি রিং রোড-সহ উত্তরবঙ্গের সড়ককে যুদ্ধবিমান অবতরণের উপযোগী করার দাবি শুভেন্দুর

Truth of Bengal: আধুনিক দ্রুতগতির সভ্যতায় সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বড়সড় সাফল্য পেল পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার কোলাঘাটের অনুষ্ঠান থেকে রাজ্যের সড়কপথের আধুনিকীকরণ ও সম্প্রসারণে মোট ২৭ হাজার কোটি টাকার কেন্দ্রীয় প্রকল্প পেল বাংলা। এই প্রকল্পের আওতায় রাজ্যের বিভিন্ন প্রান্তকে জুড়ে তৈরি হবে একাধিক নতুন ও প্রশস্ত রাস্তা। আর এই মঞ্চ থেকেই কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতীন গড়করির কাছে এক বিশেষ আবদার জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বাংলার নতুন ও সম্প্রসারিত সড়কগুলির পরিকাঠামো এমনভাবে তৈরি করা হোক, যাতে আপৎকালীন পরিস্থিতিতে রাস্তার ওপরেই যুদ্ধবিমান অবতরণ করতে পারে।

এদিন কোলাঘাটে বক্তব্য রাখতে গিয়ে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অসমের ডিব্রুগড়ের মোরান বাইপাসে যুদ্ধবিমান ‘রাফালে’ অবতরণের ঐতিহাসিক দৃশ্যের কথা স্মরণ করিয়ে দেন মুখ্যমন্ত্রী। উত্তর-পূর্বের সীমান্ত এলাকায় জরুরি যুদ্ধ পরিস্থিতিতে সুখোই, রাফালে বা হারকিউলিসের মতো ভারী যুদ্ধবিমান যাতে নিরাপদে নামতে পারে, সেজন্য অসম-সহ উত্তর-পূর্বাঞ্চলের নতুন সড়কগুলিতে অত্যন্ত শক্তিশালী কংক্রিটের পরিকাঠামো গড়ে তুলেছে কেন্দ্র।

কোলাঘাটের অনুষ্ঠান থেকে শিলিগুড়িতে ১১৬ কিলোমিটার দীর্ঘ রিং রোড তৈরির কথা ঘোষণা করা হয়েছে, যা নেপাল, ভুটান ও বাংলাদেশের সঙ্গে সড়কপথে আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থার আমূল উন্নতি ঘটাবে। এই প্রসঙ্গ টেনেই শুভেন্দু অধিকারী নীতীন গড়করির কাছে আবেদন জানান, বাংলার নতুন রাস্তাগুলিতেও বায়ুসেনা ছাউনির মতো শক্তিশালী কংক্রিটের বলয় বা স্ট্রাকচার তৈরি করা হোক, যাতে প্রয়োজনে যুদ্ধবিমান অবতরণ করতে পারে।

উল্লেখ্য, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গের ‘চিকেন নেক’ এবং সংলগ্ন চিন সীমান্তে কড়া নজর রয়েছে কেন্দ্রের। ইতিমধ্যেই শিলিগুড়ির বাগডোগরা সেনা ছাউনি এবং আলিপুরদুয়ারের হাসিমারা বায়ুসেনা ছাউনিতে নিরাপত্তা ও যুদ্ধকালীন প্রস্তুতি জোরদার করা হয়েছে। এই আবহে উত্তরবঙ্গে যে সমস্ত রাস্তা সম্প্রসারিত ও নতুনভাবে নির্মিত হবে, সেগুলিকে যুদ্ধবিমান অবতরণের উপযোগী করে গড়ে তোলার যে দাবি মুখ্যমন্ত্রী তুলেছেন, তা জাতীয় নিরাপত্তার দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Articles